নবীজির জীবনাদর্শ নিয়ে ঘরে ঘরে আলোচনা করা অত্যাবশ্যক: ছারছীনার পীর ছাহেব

হোম » ইসলামী জীবন » নবীজির জীবনাদর্শ নিয়ে ঘরে ঘরে আলোচনা করা অত্যাবশ্যক: ছারছীনার পীর ছাহেব
বুধবার ● ২৬ আগস্ট ২০২৬


 

নবীজির জীবনাদর্শ নিয়ে ঘরে ঘরে আলোচনা করা অত্যাবশ্যক: ছারছীনার পীর ছাহেব

সাগরকন্যা ডেস্ক

 

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর পবিত্র জীবনী, আদর্শ, চরিত্র ও সুন্নাহ নিয়ে আলোচনা শুধু মাহফিল বা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে ঘরে ঘরে করার আহ্বান জানিয়েছেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)। তিনি বলেছেন, নবীজির আদর্শ অনুসরণ করলেই ব্যক্তি, পরিবার ও সমাজে শান্তি, ন্যায়-নীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।

 

বুধবার (২৬ আগস্ট) বিকেলে রাজধানী ঢাকার ডেমরায় দারুননাজাত সিদ্দীকীয়া কামিল মাদ্রাসায় পবিত্র ঈদ-ই-মীলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আয়োজিত মিলাদ, ঈছালে ছাওয়াব ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

ছারছীনার পীর ছাহেব বলেন, মহান আল্লাহ তায়ালা মানবজাতির হেদায়েতের জন্য প্রিয়নবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে রহমতস্বরূপ প্রেরণ করেছেন। তাঁর জীবনের প্রতিটি অধ্যায় মানবজাতির জন্য উত্তম আদর্শ। তাই নবীপ্রেম শুধু মুখের দাবিতে সীমাবদ্ধ না রেখে তাঁর সুন্নাহকে জীবনে বাস্তবায়ন করতে হবে। সন্তানদের ছোটবেলা থেকেই রাসূলুল্লাহ (সাঃ)-এর জীবন, চরিত্র ও আদর্শের সঙ্গে পরিচিত করে তুলতে হবে। ঘরে ঘরে নবীজির আলোচনা ও তাঁর প্রতি ভালোবাসার পরিবেশ তৈরি করা গেলে আদর্শ প্রজন্ম গড়ে উঠবে।

 

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনের শুরু থেকেই নবীজি (সাঃ)-এর আদর্শকে পথনির্দেশক হিসেবে গ্রহণ করতে হবে। নিয়মিত নামাজ আদায়, সত্য কথা বলা, পিতা-মাতার প্রতি সম্মান ও আনুগত্য, শিক্ষকদের মর্যাদা, সহপাঠীদের সঙ্গে উত্তম আচরণ এবং সময়ের সঠিক ব্যবহার করতে হবে। জ্ঞান অর্জনের পাশাপাশি চরিত্র গঠনের প্রতিও গুরুত্ব দিতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, জ্ঞান, আমল ও উত্তম চরিত্রের সমন্বয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠাই প্রকৃত শিক্ষার উদ্দেশ্য।

 

তিনি আরও বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের সামনে নানা ধরনের বিভ্রান্তি ও নৈতিক অবক্ষয়ের সুযোগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে কুরআন-সুন্নাহর শিক্ষা ও রাসূলুল্লাহ (সাঃ)-এর আদর্শ তাদের সঠিক পথে পরিচালিত করতে পারে। মোবাইল ও প্রযুক্তির সঠিক ব্যবহার, অশ্লীলতা ও অনৈতিকতা থেকে দূরে থাকা এবং সময়কে জ্ঞান ও কল্যাণকর কাজে ব্যয় করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

 

দারুননাজাত সিদ্দীকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আ. খ. ম. আবু বকর সিদ্দীকের সভাপতিত্বে মাহফিলে আরও বক্তব্য দেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্চুন্নাত জামেয়ায়ে নেছারীয়া দীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মোঃ মামুনুল হক, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোঃ মোহেব্বুল্লাহ আল মাহমুদসহ অন্যরা।

 

মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের ইহকালীন ও পরকালীন কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন হযরত পীর ছাহেব কেবলা। এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:২৭:৪৬ ● ২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ