নাজিরপুরে শিক্ষকদের ফুটবল টুর্নামেন্টে ফাইনালে বেলুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

হোম » খেলা » নাজিরপুরে শিক্ষকদের ফুটবল টুর্নামেন্টে ফাইনালে বেলুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
বুধবার ● ২৬ আগস্ট ২০২৬


 

নাজিরপুরে শিক্ষকদের ফুটবল টুর্নামেন্টে ফাইনালে বেলুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

 

পিরোজপুরের নাজিরপুরে চারটি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে বাবুর হাট মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বেলুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়।

 

বুধবার (২৬ আগস্ট) উপজেলার পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা ঘিরে শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

টুর্নামেন্টে সদর ও পার্শ্ববর্তী ইউনিয়নের চারটি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। কয়েক ধাপের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে ফাইনালে মুখোমুখি হয় বাবুর হাট মাধ্যমিক বিদ্যালয় ও বেলুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়। ফাইনালে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত বাবুর হাট মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে শিরোপা জিতে নেয় বেলুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়।

 

ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। রানার্সআপ বাবুর হাট মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়াড়দেরও ট্রফি ও সম্মাননা দেওয়া হয়।

 

অনুষ্ঠানে নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. রাসেল সিকদার, প্রতিযোগিতায় অংশ নেওয়া বিদ্যালয়গুলোর সভাপতিবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. রাসেল সিকদার বলেন, খেলাধুলা শুধু বিনোদনের বিষয় নয়, এটি শারীরিক ও মানসিক সুস্থতা, পারস্পরিক সৌহার্দ্য এবং সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও পড়াশোনার সঙ্গে খেলাধুলায় যুক্ত থাকা প্রয়োজন।

 

তিনি বলেন, নিয়মিত খেলাধুলার আয়োজন হলে শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া কার্যক্রম আরও বাড়ানো প্রয়োজন।

 

বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরে রাসেল সিকদার বলেন, শিক্ষার্থীদের পাঠদানের জন্য একটি আধুনিক ও প্রয়োজনীয় একাডেমিক ভবন নির্মাণ জরুরি। নতুন ভবন নির্মাণ করা হলে শিক্ষার্থীরা আরও সুন্দর পরিবেশে লেখাপড়ার সুযোগ পাবে। এ বিষয়ে সংরক্ষিত মহিলা আসন-৩৪৯-এর সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁইয়ের কার্যকর সহযোগিতা কামনা করেন তিনি।

 

আয়োজক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অধীর রঞ্জন সমাদ্দার জানান, শিক্ষকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক জোরদারের পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

 

খেলা শেষে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষানুরাগীদের অংশগ্রহণে প্রীতিভোজের আয়োজন করা হয়। পুরো আয়োজন ঘিরে শিক্ষক-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বাংলাদেশ সময়: ২১:১৪:৩১ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ