পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের সড়ক অবরোধ

হোম » পায়রা বন্দর » পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের সড়ক অবরোধ
মঙ্গলবার ● ২৫ আগস্ট ২০২৬


 

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের সড়ক অবরোধ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রে জাহাজের মালামাল বোঝাই-খালাস কার্যক্রমে নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎকেন্দ্রের জেটি ঘাটের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকরা। পরে লোন্দা-মরিচবুনিয়া সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। দুপুর ৩টা পর্যন্ত কর্মসূচি পালনের পর কলাপাড়া থানা পুলিশের মধ্যস্থতায় সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেন শ্রমিকরা।

 

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সভাপতি কবির হোসেন ব্যাপারী, সাধারণ সম্পাদক শাহাজামান ও সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল অন্তরসহ সংগঠনের নেতাকর্মীরা।

 

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জেলার নিবন্ধিত শ্রমিকদের কাজে অন্তর্ভুক্ত না করে একটি সিন্ডিকেট জাহাজের মালামাল বোঝাই-খালাস কার্যক্রম পরিচালনা করে আসছে। নিবন্ধিত শ্রমিকদের কাজে অন্তর্ভুক্তির জন্য বারবার আবেদন জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি। এ কারণে বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন।

 

তারা আরও বলেন, নিবন্ধিত শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিয়ে দ্রুত মালামাল বোঝাই-খালাস কার্যক্রমে তাদের অন্তর্ভুক্ত করতে হবে। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

 

বাংলাদেশ সময়: ২০:০৯:০৩ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ