শনিবার ● ২২ আগস্ট ২০২৬

তালতলীতে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন

হোম » বরগুনা » তালতলীতে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন
শনিবার ● ২২ আগস্ট ২০২৬


 

তালতলীতে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)

বরগুনার তালতলীতে জিয়া উদ্দিন মিলন চাপরাশি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা এবং ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের পূর্ব গাবতলী এলাকায় শতাধিক নারী-পুরুষ প্রায় এক ঘণ্টা মানববন্ধন করেছেন।

মানববন্ধনে মো. নান্নু খান, জহিরুল ইসলাম লিটন, মো. নসা মিয়া, বিউটি বেগম, টিপু বয়াতী ও হাবিল ফকিরসহ স্থানীয়রা বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পূর্ব গাবতলী এলাকার জিয়া উদ্দিন মিলন চাপরাশি ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের পৈতৃক ও দখলীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে আসছেন। এ কাজে স্থানীয় ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বশির ব্যাপারী এবং ওয়ার্ড যুবলীগের সম্পাদক মো. রিপন চাপরাশি তাঁদের মদদ দিচ্ছেন বলেও অভিযোগ করেন তাঁরা।

একাধিক ভুক্তভোগী বলেন, নিজেদের পৈতৃক সম্পত্তি রক্ষা করতে গিয়ে তাঁরা উল্টো মামলা ও বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন। তাঁরা জিয়া উদ্দিন মিলন চাপরাশি ও তাঁর সহযোগীদের হাত থেকে পৈতৃক ভিটেমাটি রক্ষা এবং দখল হয়ে যাওয়া জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য বশির ব্যাপারী বলেন, ‘তাঁরা সঠিক কাগজপত্র দাখিল করেননি। এ কারণে ওয়ারিশ সনদ দেওয়া হয়নি। সঠিক কাগজপত্র দিলে ওয়ারিশ সনদ দেওয়া হবে। আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন।’

অভিযোগ অস্বীকার করে জিয়া উদ্দিন মিলন চাপরাশি বলেন, ‘যে জমি নিয়ে বিরোধ চলছে, সেই জমির প্রকৃত মালিক তাঁরা নন। তাঁরা জোরপূর্বক জমিটি দখল করে আছেন। আমরা ওই জমির ক্রয়সূত্রে মালিক।’

এ বিষয়ে মো. রিপন চাপরাশির বক্তব্য জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৭:৪৬:২৪ ● ২৭ বার পঠিত