শনিবার ● ২২ আগস্ট ২০২৬
মনপুরায় ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোর থেকে গ্রেপ্তার
হোম » ভোলা » মনপুরায় ধর্ষণ মামলার প্রধান আসামি নাটোর থেকে গ্রেপ্তার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)
ভোলার মনপুরায় মাদ্রাসাপড়ুয়া ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি মো. সুমনকে নাটোর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারের পর শনিবার সকালে তাকে মনপুরায় নিয়ে আসে পুলিশ। পরে দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার সুমন (২৭) মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঈশ্বরগঞ্জ গ্রামের মোস্তফার ছেলে।
র্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার মোখলেছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ আগস্ট সন্ধ্যায় নাটোরের গুরুদাসপুর থানার নয়াবাজার এলাকায় র্যাব-৮ ভোলা ক্যাম্প, র্যাব-৫ ও সিপিসি-২ যৌথ অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করে। পরে তাকে নাটোরের বড়াইগ্রাম থানায় সোপর্দ করা হয়।
শনিবার সকালে মনপুরা থানা পুলিশের একটি দল নাটোর থেকে সুমনকে মনপুরায় নিয়ে আসে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, ‘নাটোর থেকে গ্রেপ্তার সুমনকে শনিবার সকালে মনপুরায় আনা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।’
মামলা সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট রাত ৮টার দিকে রান্না করা তরকারি গরম করার জন্য শুকনো নারকেল পাতা আনতে ওই ছাত্রীকে বাড়ির পেছনে পাঠানো হয়। এ সময় পাশের বাড়ির যুবক সুমন তার মুখ চেপে ধরে জোরপূর্বক তাদের বাড়ির রান্নাঘরে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে ওই ছাত্রী বিষয়টি তার এক বান্ধবীকে জানায়। বান্ধবী ঘটনাটি তার মাকে জানালে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। ঘটনার ছয় দিন পর গত ১৩ আগস্ট এক নারী ইউপি সদস্যের পরামর্শে সুমনকে আসামি করে মনপুরা থানায় মামলা করা হয়। মামলার পর থেকে সুমন পলাতক ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:২৭:৩২ ● ১২০ বার পঠিত
