বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনকে ‘প্রহসনের ভোট’ বললেন রুমিন ফারহানা
হোম » জাতীয় » রাষ্ট্রপতি নির্বাচনকে ‘প্রহসনের ভোট’ বললেন রুমিন ফারহানা
![]()
সাগরকন্যা প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি। তিনি এ নির্বাচনকে ‘অর্থহীন’ ও ‘প্রহসনের’ নির্বাচন বলে মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের নিজ বাসভবনে ভোটদানে বিরত থাকার কারণ ব্যাখ্যা করেন রুমিন ফারহানা। এ সময় তিনি ভোট না দেওয়ার তিনটি কারণ তুলে ধরেন।
রুমিন ফারহানা বলেন, ‘আমার কাছে রাষ্ট্রপতি নির্বাচনকে অর্থহীন মনে হয়েছে। কারণ, ভোটে অনিশ্চয়তা না থাকলে সেটা কোনো নির্বাচন নয়। এই ভোটের ফলাফল কী, তা সবার জানা। তাহলে এটাকে ভোট কেন বলব। সুতরাং এটা মনোনয়ন, নির্বাচন নয়।’
ভোট না দেওয়ার দ্বিতীয় কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘এত বড় একটি গণ-অভ্যুত্থান গেল, যার সঙ্গে জাতি হিসেবে আমাদের আত্মত্যাগ, অনেক স্বপ্ন জড়িত। তাহলে আমরা সবাই মিলে কেন একজন অরাজনৈতিক এবং গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনীত করতে পারলাম না।’
তৃতীয় কারণকে নিজের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘রাষ্ট্রপতি পদে ভোটের আগে বিএনপি সংবিধানের ৭০ অনুচ্ছেদের ভয় দেখাল। অথচ ২০১৬ সাল থেকে বিএনপি ভিশন ২০৩০-এ গলার রগ ফুলিয়ে কথা বলছে। এখন তারা বলছে, দলের বাইরে ভোট দিলে তার সদস্যপদ বাতিল হবে। এ রকম প্রহসনের ভোট আমি কেন দেব?’
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে রুমিন ফারহানা বলেন, ভোটের ফলাফল আগে থেকেই নির্ধারিত থাকলে সেটিকে প্রকৃত অর্থে নির্বাচন বলা যায় না।
উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির তিন সংসদ সদস্য মির্জা আব্বাস, ওসমান ফারুক ও মোস্তফা কামাল পাশা ভোট দেননি। এছাড়া জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, খেলাফত মজলিশের আবুল হাসান এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাও ভোটদানে বিরত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:৩৭:৪৫ ● ১৬ বার পঠিত
