বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬

নেছারাবাদে পৈতৃক জমি দখলের অভিযোগ, চাচাতো ভাইদের বিরুদ্ধে করলেন মামলা

হোম » পিরোজপুর » নেছারাবাদে পৈতৃক জমি দখলের অভিযোগ, চাচাতো ভাইদের বিরুদ্ধে করলেন মামলা
বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬


 

ছবিতে মামলার বাদী আল আমিন, পেছনে বিরোধপূর্ণ জমি।

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

পিরোজপুরের নেছারাবাদে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগে চাচাতো ভাইদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন আল আমিন নামে এক ব্যক্তি। উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের মেসন্ডা গ্রামে এ ঘটনা ঘটেছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

আল আমিনের অভিযোগ, মেসন্ডা গ্রামে তাদের বাপ-দাদার পৈতৃক সম্পত্তি রয়েছে। তার চাচাতো ভাই জাহাঙ্গীর কবির ও আলমগীর কবির ওই সম্পত্তি নিজেদের নামে বিএস রেকর্ড করিয়ে নিয়েছেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান হয়নি। পরে তিনি আদালতের দ্বারস্থ হন।

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সরেজমিনে বিরোধপূর্ণ এলাকায় গিয়ে দেখা যায়, ওই জমিতে এক পক্ষ চাষাবাদ করছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জমিটি বার্ষিক নগদ খাজনার ভিত্তিতে বর্গা দেওয়া হয়েছে। অভিযোগকারী পক্ষের দাবি, আলমগীর কবিরের নেতৃত্বে জমিটি চাষাবাদের জন্য দেওয়া হয়েছে।

 

আল আমিন বলেন, ‘এটি আমাদের বাপ-দাদার পৈতৃক সম্পত্তি। তারা না থাকার সুযোগে আমার চাচাতো ভাইরা জোরপূর্বক জমির বিএস রেকর্ড নিজেদের নামে করে নিয়েছেন। বিষয়টি নিয়ে আমরা একাধিকবার মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু কোনো সমাধান হয়নি। বর্তমানে বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে ১৪৪/১৪৫ ধারায় মামলা করা হয়েছে। এরপরও ওই জমিতে চাষাবাদ করা হচ্ছে।’

 

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ অব্যাহত রয়েছে।

 

অভিযোগ অস্বীকার করে আলমগীর কবির বলেন, ‘বিরোধপূর্ণ জমি আমাদের মায়ের নামে এবং বিএস রেকর্ডীয় সম্পত্তি। আমরা দীর্ঘদিন বাড়িতে না থাকায় জমিটি নগদ খাজনার ভিত্তিতে চাষাবাদের জন্য দেওয়া হয়েছে। সেই সূত্রেই বর্তমানে সেখানে চাষাবাদ করা হচ্ছে। আমার চাচাতো ভাইরা জমিটির মালিকানা দাবি করলেও এ বিষয়ে কোনো দলিল দেখাতে পারেনি। বরং তারাই আমাদের বিভিন্নভাবে হয়রানি করছে।’

 

এ বিষয়ে নেছারাবাদ থানার এএসআই মো. জিকুর উল্লাহ বলেন, ‘আদালতের আদেশ অনুযায়ী বিরোধপূর্ণ জমিতে ১৪৪/১৪৫ ধারায় নোটিশ জারি করা হয়েছে। আদালতের আদেশ কেউ অমান্য করলে বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ২১:৪৫:১৮ ● ৩২ বার পঠিত