বুধবার ● ১৯ আগস্ট ২০২৬
ঢাকায় চিকিৎসাধীন রোগীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি, পরিবারের আহাজারি
হোম » বরিশাল » ঢাকায় চিকিৎসাধীন রোগীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি, পরিবারের আহাজারি
সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার ৫ নম্বর কালিকাপুর ওয়ার্ডে ক্যান্সারে আক্রান্ত পরিবারের কর্তা ঢাকায় চিকিৎসাধীন থাকায় ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাড়ির পেছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে চোরেরা মোটরসাইকেল, নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। সোমবার সকালে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে চুরির বিষয়টি জানতে পারেন।
ভুক্তভোগী হাবিবুর রহমান সরদার (৫০) গত প্রায় ২০ দিন ধরে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে কেমোথেরাপি নিচ্ছেন। বাবার চিকিৎসার জন্য তার ছেলে রায়হান, যিনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী, তিনিও ঢাকায় অবস্থান করছেন। এ সুযোগে বাড়িটি ফাঁকা থাকায় চোরেরা পেছনের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে।
পরিবারের সদস্যরা জানান, চোরেরা একটি আরটিআর ২ভি মোটরসাইকেল, পানি তোলার মোটরপাম্প, নগদ ৩০ হাজার টাকা, স্বর্ণালংকার, রাইস কুকার ও নতুন কাপড়চোপড় নিয়ে গেছে। বিদ্যুৎ না থাকায় ফ্রিজে রাখা কয়েক হাজার টাকার মাছ-মাংসও নষ্ট হয়ে গেছে।
রায়হান বলেন, আমরা হাসপাতালে বাবার জীবন বাঁচানোর লড়াই করছি। এর মধ্যে চোরেরা আমাদের শেষ সম্বলটুকুও নিয়ে গেছে। এখন বাবার চিকিৎসা চালাব কীভাবে, সেটাই আমাদের বড় চিন্তা।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন জানান, সংবাদ পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরির ঘটনায় তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮:৩১:২৮ ● ২৫ বার পঠিত
