বুধবার ● ১৯ আগস্ট ২০২৬
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ
হোম » লিড নিউজ » নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
নাশকতাসহ বিভিন্ন অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো এবং নাশকতামূলক কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আট শিক্ষক-কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত (১৮ আগস্ট) পৃথক নোটিশে তাদের বিরুদ্ধে গুরুদণ্ডমূলক অপরাধের অভিযোগ আনা হয়েছে। নোটিশে কেন তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা চিঠি পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন- অধ্যাপক ড. মো. জুয়েল হাওলাদার, ডেপুটি রেজিস্ট্রার নাঈম কাওসার, তানজিলুর রহমান, মো. ওয়াজ কুরনি, ফিরোজ আলম, সহকারী রেজিস্ট্রার আসমা আক্তার সেতু, মো. শামীম খান এবং সাময়িক বরখাস্ত থাকা সেকশন অফিসার আরিফুর রহমান পিয়েল।
নোটিশে বলা হয়েছে, সাময়িক বরখাস্ত থাকাকালীন সময়েও অভিযুক্তদের বিরুদ্ধে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রচারণা চালানোর মাধ্যমে নাশকতামূলক কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব কর্মকাণ্ড সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা এবং পবিপ্রবির কর্মচারীদের সাধারণ আচরণ ও শৃঙ্খলা বিধির পরিপন্থী ও গুরুদণ্ডমূলক অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া অভিযুক্ত কয়েকজনের বিরুদ্ধে জুলাইবিরোধী অবস্থানসহ বিভিন্ন অপরাধে সম্পৃক্ততার অভিযোগে তদন্ত চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এর মধ্যেই তাদের বিরুদ্ধে পুনরায় গুরুদণ্ডমূলক অপরাধে জড়িত হওয়ার অভিযোগ উঠেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অংশ হিসেবে দুর্নীতি, অনিয়মসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫:২৯:২২ ● ৩৩ বার পঠিত
