মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬

পোল্যান্ডে বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দূতাবাসের সতর্কবার্তা

হোম » প্রবাস » পোল্যান্ডে বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দূতাবাসের সতর্কবার্তা
মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬


 

পোল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা

সাগরকন্যা প্রবাস ডেস্ক

 

মধ্য ইউরোপের সেনজেনভুক্ত দেশ পোল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। দেশটির আইন ও বিধি-বিধান মেনে চলার পাশাপাশি বিভ্রান্তিকর, অসত্য, উসকানিমূলক বা আপত্তিকর কোনো বক্তব্য ও কনটেন্ট প্রচার না করার জন্যও অনুরোধ করা হয়েছে।

 

শুক্রবার (১৪ আগস্ট) রাতে দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে পোল্যান্ডে বসবাসরত সব বাংলাদেশিকে সামাজিক যোগাযোগমাধ্যম বিচক্ষণতা ও দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে এমন কোনো বক্তব্য, আচরণ, কর্মকাণ্ড বা প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে, যা বিভ্রান্তিকর, অসত্য, উসকানিমূলক, আপত্তিকর কিংবা পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধি-বিধানের পরিপন্থী হতে পারে।

 

দূতাবাস বলেছে, এ ধরনের কর্মকাণ্ডের কারণে শুধু ব্যক্তিগতভাবে কেউ সমস্যায় পড়তে পারেন না, বাংলাদেশি কমিউনিটির সামগ্রিক ভাবমূর্তি ও সুনামও ক্ষতিগ্রস্ত হতে পারে।

 

পোল্যান্ডে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দেওয়া নির্দেশনায় বলা হয়েছে-

 

* পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধি-বিধান যথাযথভাবে মেনে চলতে হবে।

* কোনো তথ্য, বক্তব্য বা কনটেন্ট প্রকাশ কিংবা প্রচারের আগে এর সত্যতা ও সম্ভাব্য প্রভাব যাচাই করতে হবে।

* অসত্য, বিভ্রান্তিকর, আইনবিরোধী বা উসকানিমূলক বক্তব্য, কনটেন্ট ও কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

* অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই দায়িত্বশীল, সংযত ও আইনসম্মত আচরণ করতে হবে।

* ব্যক্তিগত কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশি কমিউনিটির সুনাম ও মর্যাদা যাতে ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে।

* পোল্যান্ডে বসবাস, কাজ ও ব্যবসার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইন ও নির্দেশনা অনুসরণ করতে হবে।

 

দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ৬:৩৭:০৯ ● ২৮ বার পঠিত