সোমবার ● ১৭ আগস্ট ২০২৬

মনপুরায় ব্যবসায়ী যুবদল নেতাকে মারধর, সংবাদ সম্মেলনে বিচার দাবি

হোম » ভোলা » মনপুরায় ব্যবসায়ী যুবদল নেতাকে মারধর, সংবাদ সম্মেলনে বিচার দাবি
সোমবার ● ১৭ আগস্ট ২০২৬


 

মনপুরায় ব্যবসায়ী ও যুবদল নেতাকে মারধর করার ঘটনায় সংবাদ সম্মেলনে বিচার চাইলেন।

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)

 

ভোলার মনপুরায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ব্যবসায়ী ও যুবদল নেতা মোঃ আলাউদ্দিনকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত আলাউদ্দিন সোমবার সংবাদ সম্মেলন করে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও বিচার দাবি করেছেন।

 

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় মনপুরা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন তিনি। আলাউদ্দিন হাজিরহাট বাজারের ‘আলাউদ্দিন মাল্টিমিডিয়া’র মালিক এবং হাজিরহাট ইউনিয়ন যুবদলের নেতা।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলাউদ্দিন অভিযোগ করেন, ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে শনিবার রাতে উপজেলা হাসপাতালের সামনে কয়েকজন দুর্বৃত্ত তাকে মারধর করে আহত করেন। এ সময় তার মোবাইল ফোন ও টাকা-পয়সা নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

 

আলাউদ্দিন বলেন, ‘গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে আমি বহুবার মারধরের শিকার হয়েছি। এমনকি আমার দোকান থেকে বিক্রি করা মোবাইল ফোনও নিয়ে যাওয়া হয়েছে। আমাকে চাঁদা দিতে হয়েছে। এখন বিএনপি সরকার ক্ষমতায়, তারপরও আমার ওপর হামলা করে মোবাইল ফোন ও টাকা নিয়ে যাওয়া হয়েছে।’

 

এ ঘটনায় সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ প্রশাসনের কাছে বিচার দাবি করেন আলাউদ্দিন।

 

মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা বলেন, যুবদল নেতা ও ব্যবসায়ী আলাউদ্দিনকে মারধরের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭:০২:১২ ● ৩০ বার পঠিত