রবিবার ● ১৬ আগস্ট ২০২৬

মডেল রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিককে কারাগারে পাঠানোর আবেদন পুলিশের

হোম » বিনোদন » মডেল রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিককে কারাগারে পাঠানোর আবেদন পুলিশের
রবিবার ● ১৬ আগস্ট ২০২৬


মডেল রিধিকাসাগরকন্যা বিনোদন ডেস্ক

 

মডেল ও অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেফতার তার প্রেমিক হাসিবুর রহমানকে কারাগারে পাঠানোর আবেদন করেছে পুলিশ। তদন্ত কর্মকর্তার দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে মামলার অভিযোগের সমর্থনে তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

 

রবিবার (১৬ আগস্ট) ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুত ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাসিবুরকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

 

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন পুলিশের উপপরিদর্শক কামাল হোসেন জানান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

 

কারাগারে পাঠানোর আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং এ পর্যন্ত পাওয়া তদন্তের তথ্য-উপাত্তে বাদীর অভিযোগের সমর্থনে যথেষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে হাসিবুর ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।

 

তদন্ত কর্মকর্তার দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসিবুর অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে মামলার তদন্ত এখনও চলমান থাকায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেছে পুলিশ। জামিনে মুক্তি পেলে তিনি পলাতক হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

 

এর আগে শনিবার রিধিকার বসুন্ধরার বাসা থেকে হাসিবুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

 

রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর ঘটনাটিকে কেন্দ্র করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করা হয়। ওই মামলায় গ্রেফতার হাসিবুরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আবেদন করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬:২৫:০২ ● ২১ বার পঠিত