রবিবার ● ১৬ আগস্ট ২০২৬
বরগুনায় নদীতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ
হোম » বরগুনা » বরগুনায় নদীতে গোসলে নেমে স্কুলছাত্রী নিখোঁজ
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনা সদর উপজেলার পায়রা নদীতে গোসলে নেমে জুঁই (১৫) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের লতাকাটা খেয়াঘাট-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছেন।
নিখোঁজ জুঁই ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা মো. জনির মেয়ে। সে বাবার সঙ্গে বরগুনার বালিয়াতলী ইউনিয়নের লতাকাটা এলাকায় নানা শানু মৃধার বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এক স্বজনের সঙ্গে জুঁই পার্শ্ববর্তী পায়রা নদীতে গোসল করতে নামে। নদীতে তীব্র স্রোত থাকায় একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা নদীতে জাল টেনে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।
বরগুনা সদর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. ইমদাদুল হক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছেন। তবে নদীতে তীব্র স্রোত থাকায় এখন পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যায়নি। পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটকেও খবর দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৩৯:৫৭ ● ৪৪ বার পঠিত
