শনিবার ● ১৫ আগস্ট ২০২৬

মির্জাগঞ্জে আইনজীবীকে কুপিয়ে আহতের ঘটনায় গ্রেফতার ১

হোম » পটুয়াখালী » মির্জাগঞ্জে আইনজীবীকে কুপিয়ে আহতের ঘটনায় গ্রেফতার ১
শনিবার ● ১৫ আগস্ট ২০২৬


 

মির্জাগঞ্জে আইনজীবীকে কুপিয়ে আহতের ঘটনায় গ্রেফতার ১

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

 

পটুয়াখালীর মির্জাগঞ্জে মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় নিজ আইনজীবীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগে মো. জাকির হোসেন ফরাজী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরের দিকে উপজেলার সুবিদখালী কলেজ রোড এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার জাকির হোসেন ফরাজী উত্তর সুবিদখালী গ্রামের মৃত মোতালেব হোসেন ফরাজীর ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মাদক মামলায় (জিআর-২২/২৬) গত ৯ আগস্ট আদালতে হাজিরার তারিখ ছিল জাকির হোসেন ফরাজীর। ওই দিন তিনি আদালতে উপস্থিত না হওয়ায় তার আইনজীবী আলীম মল্লিক সময়ের আবেদন করেন। তবে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আবেদনটি নামঞ্জুর করে জাকির হোসেন ফরাজীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

 

মামলাটি পরিচালনা করছিলেন আইনজীবী আলীম মল্লিক। আদালতে হাজির হওয়ার বিষয়ে জাকির হোসেন ফরাজী ব্যস্ততার কথা জানিয়ে অনিচ্ছা প্রকাশ করেছিলেন বলে জানা গেছে। পরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি আইনজীবী তাকে জানালে তিনি ক্ষুব্ধ হন।

 

এরপর গত ৯ আগস্ট রাত ৮টার দিকে আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের একটি চায়ের দোকানের সামনে আইনজীবী আলীম মল্লিককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে জাকির হোসেন ফরাজীর বিরুদ্ধে। স্থানীয়রা আহত অবস্থায় আলীম মল্লিককে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

আহত আইনজীবী আলীম মল্লিক আমড়াগাছিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি।

 

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, ‘একটি মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে জাকির হোসেন ফরাজীকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’

বাংলাদেশ সময়: ২২:১৫:৫২ ● ২৪ বার পঠিত