শনিবার ● ১৫ আগস্ট ২০২৬
বরগুনায় ছাত্রলীগের ভিডিও নিয়ে পাল্টাপাল্টি দাবি
হোম » বরগুনা » বরগুনায় ছাত্রলীগের ভিডিও নিয়ে পাল্টাপাল্টি দাবি
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
জাতীয় শোক দিবস উপলক্ষে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের বরগুনা জেলা শাখার সভাপতি রেজাউল কবির রেজার নেতৃত্বে মিছিল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটি শনিবারের নাকি পুরোনো, এ নিয়ে ছাত্রলীগের জেলা সভাপতি ও পুলিশের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে রেজাউল কবির রেজার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ১ মিনিট ৫৯ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে ৩০ থেকে ৪০ জন নেতা-কর্মীকে দেখা যায়।
ভিডিও ফুটেজে দেখা যায়, রেজাউল কবির রেজার নেতৃত্বে নেতা-কর্মীরা বরগুনা শহরের ফার্মেসি পট্টিতে ঝটিকা মিছিল করেন। এ সময় ‘অ্যাকশন অ্যাকশন’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে’ এবং ‘শেখ হাসিনা ভয় নেই, রাজপথ ছাড়িনি’- এসব স্লোগান দিতে শোনা যায়।
মিছিল শেষে ফার্মেসি পট্টিতে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতা-কর্মীরা।
ভিডিওর একপর্যায়ে রেজাউল কবির রেজাকে ব্যবসায়ীদের উদ্দেশে হাত নেড়ে বলতে শোনা যায়, ‘আমি রেজা, ছাত্রলীগের সভাপতি। আমি বরগুনা আসছি। আমাদের জন্য দোয়া করবেন।’
ভিডিওটি প্রকাশের পর দেওয়া এক ফেসবুক পোস্টে রেজাউল কবির রেজা দাবি করেন, নিজের ও নেতা-কর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এবার ছোট পরিসরে কর্মসূচি নেওয়া হয়েছে। খুব শিগগিরই সবাইকে সঙ্গে নিয়ে বরগুনায় বড় মিছিল করা হবে বলেও তিনি উল্লেখ করেন। একই পোস্টে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার প্রত্যাবর্তনের মাধ্যমে কাঙ্ক্ষিত বিজয় অর্জিত হবে বলে দাবি করেন তিনি।
রেজাউল কবির রেজা বলেন, ‘ভিডিওটি আজকের। শনিবার দুপুরে আমার ফেসবুকে ভিডিওটি দিয়েছি। গত বছর আমি বেতাগী শহরে মিছিল করেছি, তখনো পুলিশ স্বীকার করেনি। আমাদের আন্দোলন-সংগ্রাম চলবে। জাতীয় শোক দিবসে আমরা ঘরে বসে থাকতে পারি না। মুক্তিযুদ্ধের চেতনা থেকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে রাজপথে নেমেছি। আমাদের অহিংস আন্দোলন চলবে। গ্রেপ্তার ও নির্যাতনকে আমরা ভয় পাই না।’
তিনি আরও বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর ১০ আগস্ট বরগুনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে প্রথম বিক্ষোভ মিছিল আমরা বের করি। এরপর থেকে আন্দোলনের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।’
তবে পুলিশের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুরোনো। শনিবার বরগুনা শহরে ছাত্রলীগের কোনো মিছিল বা সমাবেশ হয়নি বলেও দাবি করেছে পুলিশ।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ হাসনাইন পারভেজ বলেন, ‘এটি আগের ভিডিও। আজ বরগুনা শহরে ছাত্রলীগের কোনো মিছিল হয়নি। সকাল সাড়ে ৫টা থেকে আমাদের পুলিশ আওয়ামী লীগ কার্যালয়ে দায়িত্ব পালন করছে। পুরোনো ভিডিও ছেড়ে মানুষকে বিভ্রান্তিতে ফেলা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আজ বরগুনা শহরে ছাত্রলীগ কোনো মিছিল-মিটিং করেছে, এ কথা কেউ বলতে পারবে না। পুলিশ সব সময় সতর্ক অবস্থানে রয়েছে।’
বাংলাদেশ সময়: ২২:০৯:৩২ ● ১৩০ বার পঠিত
