শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬
নেছারাবাদে বেইলি ব্রিজ দেবে স্বরূপকাঠি-বরিশাল সড়কে যান চলাচল বন্ধ
হোম » পিরোজপুর » নেছারাবাদে বেইলি ব্রিজ দেবে স্বরূপকাঠি-বরিশাল সড়কে যান চলাচল বন্ধ![]()
সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠি-বরিশাল সড়কের কুনিয়ারী এলাকায় একটি বেইলি ব্রিজের দক্ষিণ পাশ দেবে যাওয়ায় সড়কটিতে ভারী যানবাহন ও গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন মালবাহী ট্রাকের চালকসহ বিভিন্ন গণপরিবহনের যাত্রী ও চালকেরা।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে একটি মালবাহী ট্রাক ব্রিজটি পার হওয়ার সময় এর দক্ষিণ পাশ দেবে গিয়ে ব্রিজটি হেলে পড়ে। এরপর থেকে ওই সড়কে ভারী যানবাহন, লোকাল বাসসহ গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। তবে অ্যাম্বুলেন্স, অটোরিকশা ও মোটরসাইকেল ঝুঁকি নিয়ে চলাচল করছে।
ব্রিজটির পাহারার দায়িত্বে থাকা চৌকিদার মো. মাসুম বিল্লাহ বলেন, সকালে স্বরূপকাঠি থেকে আসা একটি মালবাহী ট্রাক ব্রিজটি পার হওয়ার সময় হঠাৎ দক্ষিণ পাশ দেবে যায়। এতে ব্রিজটি হেলে পড়লে ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, খবর পেয়ে সড়ক বিভাগের লোকজন ঘটনাস্থলে এসে শুক্রবার সন্ধ্যার দিকে ব্রিজটির সংস্কারকাজ শুরু করেন। ক্ষয়ক্ষতি বেশি হওয়ায় রাতভর কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংস্কারকাজের দায়িত্বে থাকা পিরোজপুর সড়ক বিভাগের সুপারভাইজার রতন মিস্ত্রী বলেন, ব্রিজটির প্যানেল ও অ্যাঙ্গেল বেঁকে গেছে এবং একটি অংশ দেবে গেছে। ক্ষতিগ্রস্ত মালামাল পরিবর্তন করে চেইনকপ্পা দিয়ে ব্রিজটি তুলে সংস্কার করতে হবে। এ কারণে রাতভর কাজ চলবে। কাজ শেষ হলে ভোররাতের দিকে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত বলেন, ব্রিজটি দেবে যাওয়ায় আপাতত যান চলাচল বন্ধ রয়েছে। সড়ক বিভাগের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে সংস্কারকাজ শুরু করেছেন। কাজ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হবে।
আরএ/এমআর
বাংলাদেশ সময়: ২২:১৭:১০ ● ৩৫ বার পঠিত
