বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬
ডারউইন টেস্টে বাংলাদেশের পেসারদের দাপট, ৭৪ রানে অস্ট্রেলিয়ার ৪ উইকেট
হোম » খেলা » ডারউইন টেস্টে বাংলাদেশের পেসারদের দাপট, ৭৪ রানে অস্ট্রেলিয়ার ৪ উইকেট
সাগরকন্যা স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছেন বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদের দুই উইকেটের সঙ্গে এবাদত হোসেন ও তাসকিন আহমেদের একটি করে শিকারে মধ্যাহ্নবিরতিতে ৭৪ রানে ৪ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।
ডারউইনের মারারা স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৩ আগস্ট) টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। সবুজ ঘাসে ভরা উইকেটে স্বাগতিকদের হয়ে ইনিংস শুরু করেন জ্যাক ওয়েদারল্ড ও ট্রাভিস হেড। বাংলাদেশের হয়ে নতুন বল হাতে নেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।
শুরু থেকেই দারুণ সুইংয়ে অস্ট্রেলিয়ার ওপেনারদের চাপে রাখেন হাসান। তাঁর বলে ট্রাভিস হেড শুরুতেই সুযোগ দিয়েছিলেন, তবে ফিল্ডার না থাকায় বেঁচে যান তিনি।
তবে ১২তম ওভারে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। অফস্টাম্পের বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে ব্যাটের কানায় বল লাগিয়ে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দেন জ্যাক ওয়েদারল্ড। ২৩ রান করে ফেরেন তিনি। পরের ওভারেই ইনসুইঙ্গারে ট্রাভিস হেডকে বোল্ড করেন হাসান। ২২ রান করে সাজঘরে ফেরেন অস্ট্রেলিয়ার এই ওপেনার।
এরপরও বাংলাদেশের পেসাররা ধারাবাহিকভাবে ভালো লাইন-লেন্থে বল করতে থাকেন। স্টিভেন স্মিথকে প্রায় ফিরিয়েই দিয়েছিলেন এবাদত, তবে স্লিপে তানজিদ হাসান তামিম ক্যাচটি নিতে পারেননি। অবশ্য অল্প সময় পরই মারনাস লাবুশেনকে আউটসাইড এজের ফাঁদে ফেলে উইকেট তুলে নেন এবাদত।
মধ্যাহ্নবিরতির ঠিক আগে চতুর্থ উইকেটটি এনে দেন তাসকিন আহমেদ। ক্যামেরন গ্রিনকে মুশফিকুর রহিমের হাতে ক্যাচে পরিণত করেন তিনি। ১৩ রান করে ফেরেন গ্রিন। ফলে ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে বিরতিতে যায় অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৭৪/৪ - জ্যাক ২৩, হেড ২২; হাসান মাহমুদ ২/২৫, এবাদত হোসেন ১/১৭।
বাংলাদেশ সময়: ৯:৪৫:৩৭ ● ২৮ বার পঠিত
