সোমবার ● ১০ আগস্ট ২০২৬

বরিশাল বোর্ডে শতভাগ পাস ১৫ বিদ্যালয়ে, কেউ পাস করেনি ৫টিতে

হোম » লিড নিউজ » বরিশাল বোর্ডে শতভাগ পাস ১৫ বিদ্যালয়ে, কেউ পাস করেনি ৫টিতে
সোমবার ● ১০ আগস্ট ২০২৬


 

বরিশাল বোর্ডে শতভাগ পাস ১৫ বিদ্যালয়ে, কেউ পাস করেনি ৫টিতে

অনিমা জাহান, বরিশাল থেকে

 

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ১৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। গত বছর এ সংখ্যা ছিল ১৭টি। একই সময়ে বোর্ডের পাঁচটি বিদ্যালয়ের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি।

 

সোমবার (১০ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আব্দুস সালাম।

 

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, বোর্ডের আওতাধীন ১ হাজার ৫১৫টি বিদ্যালয়ের মধ্যে ১৫টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এর মধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ সাতটি, পিরোজপুরে তিনটি, বরগুনায় দুটি, ভোলায় দুটি এবং ঝালকাঠিতে একটি বিদ্যালয় রয়েছে।

 

তিনি আরও জানান, বোর্ডের আওতাধীন ৯৩৯টি বিদ্যালয়ে ৫০ শতাংশের বেশি, তবে শতভাগের কম শিক্ষার্থী পাস করেছে। আর ৫৫৬টি বিদ্যালয়ে পাসের হার ৫০ শতাংশের নিচে।

 

এ ছাড়া বোর্ডের আওতাধীন তিন জেলার পাঁচটি বিদ্যালয়ের কোনো পরীক্ষার্থী পাস করেনি। এর মধ্যে বরিশালে দুটি, ঝালকাঠিতে দুটি এবং পিরোজপুরে একটি বিদ্যালয় রয়েছে।

 

শূন্য পাসের বিদ্যালয়গুলোর মধ্যে ঝালকাঠি সদর উপজেলার সাওরাকাঠি নব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে সাতজন, কাঠালিয়া উপজেলার বানাই রাবেয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ছয়জন, পিরোজপুর সদর উপজেলার পোরগোলা মাধ্যমিক বিদ্যালয় থেকে আটজন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কেরামত গায়জাউদ্দীন নূরমোহাম্মদ উচ্চ বিদ্যালয় থেকে পাঁচজন এবং মেহেন্দিগঞ্জ উপজেলার পশ্চিম রতনপুর পঙ্কজ দেবনাথ উচ্চ বিদ্যালয় থেকে সাতজন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬:০৬:৪৩ ● ২৮ বার পঠিত