সোমবার ● ১০ আগস্ট ২০২৬
এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ, কমেছে জিপিএ-৫
হোম » লিড নিউজ » এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ, কমেছে জিপিএ-৫
![]()
সাগরকন্যা প্রতিবেদক
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ২০ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ফল ঘোষণা করেন।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন। অর্থাৎ এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে।
শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবে। শিক্ষা বোর্ডগুলোর অভিন্ন ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।
এসএমএসের মাধ্যমে ফল জানতে যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে বার্তা পাঠাতে হবে। এসএসসি পরীক্ষার্থীদের জন্য ‘এসএসসি স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস ২০২৬’ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। যেমন: ‘এসএসসি ডিএইচএ ১২৩৪৫৬ ২০২৬’।
মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষার্থীদের ‘এসএসসি স্পেস এমএডি স্পেস রোল স্পেস ২০২৬’ এবং কারিগরি বোর্ডের পরীক্ষার্থীদের ‘এসএসসি স্পেস টিইসি স্পেস রোল স্পেস ২০২৬’ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
প্রকাশিত ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। এ জন্য আগামী ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হবে।
চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
বাংলাদেশ সময়: ১০:৩০:২২ ● ২৬ বার পঠিত
