সোমবার ● ৩ আগস্ট ২০২৬

বেতাগীতে মাদক মামলায় কৃষকদল নেতা সোহেলসহ ৫ জনের কারাদণ্ড

হোম » বরগুনা » বেতাগীতে মাদক মামলায় কৃষকদল নেতা সোহেলসহ ৫ জনের কারাদণ্ড
সোমবার ● ৩ আগস্ট ২০২৬


বেতাগীতে ইয়াবা ও গাঁজাসহ পৌর কৃষকদলের সম্পাদকসহ গ্রেপ্তার ৬

সাগরকন্যা প্রতিবেদক, বেতাগী (বরগুনা)

 

বরগুনার বেতাগীতে গাঁজা ও ইয়াবাসহ আটক পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ওরফে সোহেল খানসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই ঘটনায় আটক এক কিশোরকে আইন অনুযায়ী শিশু আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

 

সোমবার (৩ আগস্ট) বিকেলে বেতাগীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন এ আদেশ দেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, বেতাগী থানা পুলিশ ছয়জনকে আদালতে হাজির করলে তারা বিচারকের কাছে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাদের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন, বেতাগী পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান ওরফে সোহেল খান (৩৯)। তাকে দুই বছর সশ্রম কারাদণ্ড ও ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মো. শাহজাদা মোল্লা (৩০), মো. মোর্শেদ (১৮), মো. বেল্লাল খান (৩৫) ও মো. জহিরুল ইসলাম ওরফে অন্তর (২৯) প্রত্যেককে এক বছর ছয় মাস করে সশ্রম কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেতাগী পৌরসভার খাদ্যগুদাম রোড এলাকার একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ১০টি ইয়াবা ট্যাবলেট ও নগদ ৯ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়।

 

এর আগে রবিবার রাতে বেতাগী থানা পুলিশের উপপরিদর্শক মো. নজরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

 

বেতাগী থানার ভারপ্রধান কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ অভিযুক্তদের আটক করা হয়। পরে আদালতে হাজির করা হলে তারা দোষ স্বীকার করেন। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১:৩৩:২৯ ● ২০ বার পঠিত