শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
বাউফলে বন্যার্তদের মাঝে ত্রাণ হিসেবে চাল বিতরণ
হোম » পটুয়াখালী » বাউফলে বন্যার্তদের মাঝে ত্রাণ হিসেবে চাল বিতরণ
সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফল উপজেলার বন্যাকবলিত কালাইয়া ইউনিয়ন ও নাজিরপুরের বড় ডালিমারা এলাকায় অর্ধশতাধিক দুস্থ ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ হিসেবে চাল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন স্প্রেইড হিউম্যানিটি।
শুক্রবার (৩১ জুলাই) সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ৫০টিরও বেশি পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়া হয়। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
ত্রাণ বিতরণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান হোসেন বলেন, বিভিন্ন সময়ে আমরা অসহায়, অবহেলিত ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমাদের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. রুহুল আমিনের নির্দেশনায় আজ বন্যায় ক্ষতিগ্রস্ত কালাইয়া ও নাজিরপুরের বড় ডালিমারা এলাকার মানুষের মাঝে সামর্থ্য অনুযায়ী চাল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।
বড় ডালিমারা এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত বাসিন্দা রেহেনা বেগম বলেন, বন্যার কারণে অনেক পরিবার কর্মহীন হয়ে খাদ্যসংকটে ভুগছে। এ অবস্থায় স্প্রেইড হিউম্যানিটির এ উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংগঠনের সভাপতি মো. রুহুল আমিন জানান, ভবিষ্যতেও বন্যা ও অন্যান্য দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে। একই সঙ্গে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এ ধরনের উদ্যোগে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের দপ্তর সম্পাদক সাইমন গাজী, সহ-অর্থ সম্পাদক বায়েজিদুর রহমান, কার্যনির্বাহী সদস্য আরাফাত ইসলাম, সদস্য শাফিন আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৬:৩৪:০৬ ● ৩৩ বার পঠিত
