শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬

নিজ জমিতে চাষে বাধা, ৭ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে কলাপাড়ায় আদালতে মামলা

হোম » পটুয়াখালী » নিজ জমিতে চাষে বাধা, ৭ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে কলাপাড়ায় আদালতে মামলা
শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬


নিজ জমিতে চাষে বাধা, ৭ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে কলাপাড়ায় আদালতে মামলাসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষিজমিতে চাষাবাদে বাধা দিয়ে ৭ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দুইজনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেছেন এক ভুক্তভোগী। বৃহস্পতিবার (৩০ জুলাই) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৯ জুলাই উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বড় বালিয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী অহিদুজ্জামান মুসার দাবি, তিনি ২০১০ সালে বালিয়াতলী মৌজার ৫৫০ নম্বর বিএস খতিয়ানের ১ একর ৪৮ শতাংশ জমি ক্রয় করেন এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে গত ১৬ বছর ধরে বর্গাচাষের মাধ্যমে জমিটি ভোগদখল করে আসছেন।

অভিযোগে আরও বলা হয়, গত ২৯ জুলাই প্রধান অভিযুক্ত তুহিন বিশ্বাসের নেতৃত্বে কয়েকজন সশস্ত্র ব্যক্তি ওই জমিতে গিয়ে চাষাবাদ বন্ধ করে দেন এবং বর্গাচাষিকে মারধর করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তার কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে জমিতে চাষাবাদ করতে না দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী অহিদুজ্জামান মুসা বলেন, দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা নিজ জমিতে চাষ করতে গিয়ে চাঁদা দাবি করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রধান অভিযুক্ত তুহিন বিশ্বাস। তিনি বলেন, অভিযোগকারী তার স্ত্রীর নিকটাত্মীয়। ওই জমিতে তার ও তার স্ত্রীরও মালিকানা রয়েছে। একই খতিয়ানের জমিতে মালিকানা-সংক্রান্ত বিরোধ থাকায় চাষাবাদ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলেও দাবি করেন তিনি।

কলাপাড়া থানার সেকেন্ড অফিসার (এস আই) জাকির হোসেন বলেন, আদালত থেকে এখনো তদন্তের দায়িত্ব থানায় আসেনি। দায়িত্ব পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:১২:৩৭ ● ৩১ বার পঠিত