শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
শিক্ষার্থীর সঙ্গে অশ্লীল ভিডিও ভাইরাল: কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সাময়িক বরখাস্ত
হোম » শিক্ষা » শিক্ষার্থীর সঙ্গে অশ্লীল ভিডিও ভাইরাল: কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সাময়িক বরখাস্ত![]()
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে বিদ্যালয়ের অফিস সহকারী ও প্রাইভেট শিক্ষক জলিলুর রহমানের কথিত অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এ সিদ্ধান্ত নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জলিলুর রহমান বিদ্যালয়ের অফিস সহকারী হলেও শিক্ষার্থীদের বাসায় গিয়ে ইংরেজি বিষয়ে প্রাইভেট পড়াতেন। এ সময় বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি তাদের একটি কথিত অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম বলেন, জলিলুর রহমানের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠার পর গত সোমবার চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি আরও জানান, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে প্রায় তিন মাস আগে বিদ্যালয় থেকে টিসি দেওয়া হয়েছিল।
স্থানীয় সূত্রের দাবি, এর আগেও জলিলুর রহমানের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ উঠেছিল।
এ ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট থানার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে অভিযুক্ত জলিলুর রহমানের বক্তব্যও জানা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১১:৩৬:২০ ● ১২১ বার পঠিত
