শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
মুমিনের সফলতার পথে ১০ প্রতিবন্ধকতা
হোম » ইসলামী জীবন » মুমিনের সফলতার পথে ১০ প্রতিবন্ধকতা
সাগরকন্যা ডেস্ক
ইসলাম চায়, একজন মুমিন শুধু শারীরিক শক্তিতে নয়; বরং ঈমান, চরিত্র, অধ্যবসায় ও কর্মে শক্তিশালী হয়ে উঠুক। তিনি আল্লাহকে ভয় করবেন, বিপদে ধৈর্য ধারণ করবেন, পৃথিবীকে সুন্দর করার জন্য কাজ করবেন এবং অহংকার, হিংসা ও হতাশা থেকে দূরে থাকবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘যে ব্যক্তি সৎকর্ম করে, সে পুরুষ হোক বা নারী, যদি সে মুমিন হয়, তবে অবশ্যই আমি তাকে পবিত্র জীবন দান করব এবং তাদের উত্তম কাজের সর্বোত্তম প্রতিদান প্রদান করব।’ (সুরা আন-নাহল : ৯৭)
সফলতা পরিশ্রমী মানুষের প্রাপ্য। দৃঢ় ঈমান, সুস্পষ্ট লক্ষ্য এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যারা চেষ্টা করে, তারা আল্লাহর সাহায্য লাভের অধিক যোগ্য। দুনিয়া ও আখিরাত-উভয় জগতেই তাদের জন্য রয়েছে কল্যাণ ও পুরস্কার। সফল মানুষের জীবন বিশ্লেষণ করলে দেখা যায়, তারা সাধারণত সুশৃঙ্খল, ইতিবাচক, আত্মনিয়ন্ত্রিত এবং নানা নেতিবাচক বৈশিষ্ট্য থেকে মুক্ত থাকেন।
সফলতার পথে ১০টি প্রধান প্রতিবন্ধকতা
১. আল্লাহর ওপর তাওয়াক্কুলের দুর্বলতা
নিজের যোগ্যতা বা সামর্থ্যের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা মানুষকে অহংকারী করে তোলে। অথচ প্রকৃত মুমিন সব প্রচেষ্টার পর আল্লাহর ওপরই ভরসা করেন। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা যদি আল্লাহর ওপর যথাযথভাবে ভরসা করতে, তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন, যেমন পাখিদের দেন।’ (তিরমিজি, হাদিস : ২৩৪৪)
২. পরিকল্পনার অভাব
সফল মানুষের প্রতিদিনের কাজের সুস্পষ্ট পরিকল্পনা থাকে। তারা অগ্রাধিকার নির্ধারণ করেন এবং প্রতিটি কাজ দক্ষতার সঙ্গে সম্পন্ন করার চেষ্টা করেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ ভালোবাসেন, যখন তোমাদের কেউ কোনো কাজ করে, তখন তা নিখুঁতভাবে সম্পন্ন করে।’ (সহিহুল জামে, হাদিস : ১৮৮০)
৩. নেতিবাচক মানুষের সঙ্গ
নৈরাশ্যবাদী মানুষের প্রভাব ধীরে ধীরে নিজের মনেও পড়ে। তাই সৎ, ইতিবাচক ও আশাবাদী মানুষের সঙ্গ গ্রহণ করা সফলতার অন্যতম চাবিকাঠি। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মানুষ তার বন্ধুর ধর্ম ও চরিত্রের ওপর থাকে। তাই সে কাকে বন্ধু বানাচ্ছে, তা যেন দেখে।’ (আবু দাউদ, হাদিস : ৪৮৩৩)
৪. ব্যর্থতায় হতাশ হওয়া
ব্যর্থতা সফলতারই অংশ। সফল মানুষ ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে এগিয়ে যান। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘বিপদ এলে “যদি” বলো না; বরং বলো, এটি আল্লাহর তাকদির।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৬৬৪)
৫. অন্যের মূল্যায়ন নিয়ে অতিরিক্ত চিন্তা
সফল মানুষ নিজের মূল্য মানুষের প্রশংসা বা সমালোচনার ওপর নির্ভর করান না। তারা নিজেদের আদর্শ ও লক্ষ্যকে প্রাধান্য দেন।
৬. অতিরিক্ত অজুহাত দেওয়া
অজুহাত সফলতার বড় শত্রু। সফল মানুষ নিজের ভুল স্বীকার করেন, দায়িত্ব নেন এবং সমস্যার সমাধানে মনোযোগী হন।
৭. অন্যের সফলতায় হিংসা করা
হিংসা মানুষকে ভেতর থেকে ধ্বংস করে। সফল ব্যক্তি অন্যের অর্জনকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা পরস্পরে বিদ্বেষ, হিংসা ও ষড়যন্ত্র করো না; বরং আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও।’ (বুখারি, হাদিস : ৬০৭৬)
৮. স্বাস্থ্য ও বিশ্রামকে অবহেলা করা
দীর্ঘমেয়াদি সফলতার জন্য শারীরিক ও মানসিক সুস্থতা অপরিহার্য। নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত বিশ্রাম ও সুস্থ জীবনযাপন একজন মুমিনের কর্মক্ষমতা বাড়ায়। আবু হুরায়রা (রা.) বলেন, ‘আমি নবীজি (সা.)-এর চেয়ে দ্রুতগতিতে কাউকে হাঁটতে দেখিনি।’ (তিরমিজি, হাদিস : ৩৬৪৮)
৯. অস্পষ্ট লক্ষ্য ও দুর্বল সিদ্ধান্ত
যাদের লক্ষ্য সুস্পষ্ট, তারা সহজেই নিজেদের অগ্রগতি মূল্যায়ন করতে পারেন। দৃঢ় সিদ্ধান্ত ও তা বাস্তবায়নের মানসিকতা সফলতার অন্যতম ভিত্তি।
১০. বাধা এলে থেমে যাওয়া
জীবনের পথে বাধা আসবেই। কিন্তু সফল মানুষ লক্ষ্য থেকে সরে যান না। প্রয়োজনে কৌশল পরিবর্তন করেন, তবে চেষ্টা চালিয়ে যান। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘আর মানুষ তাই পায়, যার জন্য সে চেষ্টা করে।’ (সুরা আন-নাজম : ৩৯)
ইসলাম শিক্ষা দেয়, একজন মুমিন যেন ঈমান, আমল, চরিত্র, অধ্যবসায় ও আল্লাহর ওপর পূর্ণ ভরসার মাধ্যমে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হওয়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা সবাইকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ ও সফলতা দান করুন। আমিন।
বাংলাদেশ সময়: ৯:১৮:৫৭ ● ৩০ বার পঠিত
