বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২৬
বাবুগঞ্জে নিখোঁজের দু‘দিন পরে ডোবায় বৃদ্ধের মরদেহ উদ্ধার
হোম » বরিশাল » বাবুগঞ্জে নিখোঁজের দু‘দিন পরে ডোবায় বৃদ্ধের মরদেহ উদ্ধার
সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের বারইখালী গ্রামে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে নিজাম উদ্দিন (৯০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির উত্তর পাশের একটি ডোবায় মরদেহটি ভাসতে দেখে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। পরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। নিহত নিজাম উদ্দিন ওই গ্রামের মৃত হাফেজ উদ্দিনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৮ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে নিজাম উদ্দিন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং মাইকিং করেন। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের ডোবায় তার মরদেহ ভাসতে দেখা যায়।
নিহতের ছেলে আলী হোসেন বলেন, আমার বাবা বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। মঙ্গলবার থেকে তাকে খুঁজছিলাম। থানায় জিডি করেছি, মাইকিংও করেছি। কিন্তু কোথাও পাইনি। আজ সকালে বাড়ির পাশের ডোবায় তার মরদেহ দেখতে পাই।
স্থানীয়দের ভাষ্য, নিজাম উদ্দিন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। এছাড়া তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাদের ধারণা, অসাবধানতাবশত তিনি ডোবায় পড়ে যেতে পারেন।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মরদেহটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এএ/এমআর
বাংলাদেশ সময়: ১৬:০৯:৫৮ ● ২২ বার পঠিত
