বুধবার ● ২৯ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় ভারত: হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

হোম » জাতীয় » প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় ভারত: হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
বুধবার ● ২৯ জুলাই ২০২৬


বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীসাগরকন্যা নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি আশা প্রকাশ করেন, অদূর ভবিষ্যতেই এ সফর অনুষ্ঠিত হবে।

 

বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

সাংবাদিকরা জানতে চান, ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে কি না এবং এ বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না।

 

জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, আমার মনে হয়, ওটা বাংলাদেশের প্রধানমন্ত্রীর একান্ত এখতিয়ার। তবে আমাদের দিক থেকে আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি নিশ্চিত, অদূর ভবিষ্যতে এটি ঘটবে।

 

তিনি আরও বলেন, আমরা অত্যন্ত আশাবাদী এবং আমরা সবাই এর জন্য অপেক্ষায় আছি।

 

উল্লেখ্য, গত ১২ জুন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য দীনেশ ত্রিবেদী বেনাপোল-পেট্রাপোল স্থলসীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে তিনি ঢাকায় ভারতীয় হাইকমিশনে দায়িত্ব গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২৩:১১:৩৯ ● ১৯ বার পঠিত