শুক্রবার ● ৩১ জুলাই ২০২৬
বিষধর সাপের কামড়ে মেহেন্দিগঞ্জে গৃহবধূর মৃত্যু
হোম » বরিশাল » বিষধর সাপের কামড়ে মেহেন্দিগঞ্জে গৃহবধূর মৃত্যু
সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল):
বরিশালের মেহেন্দিগঞ্জে বিষধর সাপের কামড়ে কনিকা রানী (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামের দীপক বেপারীর স্ত্রী।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে খাবার খেয়ে স্বামী-স্ত্রী নিজ ঘরের খাটে ঘুমিয়ে ছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে কনিকা রানীর চিৎকারে তার স্বামী ঘুম থেকে জেগে একটি বিষধর সাপ দেখতে পান। এ সময় তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে সাপটি দ্রুত সেখান থেকে চলে যায়।
পরে স্থানীয়দের সহযোগিতায় কনিকা রানীকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবদুল কাদের জানান, হাসপাতালে আনার পরপরই তাকে অ্যান্টিভেনমের প্রথম ডোজ দেওয়া হয় এবং চিকিৎসা চলছিল। তবে সাপের বিষের তীব্রতার কারণে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ সময়: ২১:২১:০৪ ● ৯৮ বার পঠিত
