বুধবার ● ২৯ জুলাই ২০২৬
পিরোজপুর সদর থানার সামনে দোকানে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও মালামাল লুট
হোম » পিরোজপুর » পিরোজপুর সদর থানার সামনে দোকানে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও মালামাল লুট
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুর জেলা শহরে সদর থানার সামনে পুলিশের মালিকানাধীন স্টলের একটি গ্যাস ও ইলেকট্রিক্যাল দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জুলাই) ভোর রাতে শাটারের হুক কেটে ভেতরে ঢুকে নগদ টাকা ও মালামাল নিয়ে গেছে চোর।
চুরি হওয়া দোকানটির নাম সিনান ট্রেডার্স। বুধবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে দোকানের কর্মচারী দোকান খুলতে এসে শাটারের হুক কাটা দেখতে পান। পরে বিষয়টি দোকান মালিক ও পিরোজপুর চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসানকে জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে ক্যাশবাক্স ভাঙা, সিসিটিভি ক্যামেরার ক্যাবল বিচ্ছিন্ন এবং দোকানের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান।
মেহেদী হাসান জানান, দোকানের ক্যাশবাক্সে থাকা ৪৫ হাজার টাকা ও বেশ কিছু ইলেকট্রিক্যাল পণ্য চুরি হয়েছে। তিনি বলেন, সদর থানার সামনেই যদি একটি ব্যবসাপ্রতিষ্ঠান নিরাপদ না থাকে, তাহলে সাধারণ ব্যবসায়ীরা কোথায় নিরাপদে ব্যবসা করবেন?
এ বিষয়ে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
বাংলাদেশ সময়: ১৬:৪৮:১০ ● ১৬ বার পঠিত
