মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২৬

জিয়ানগরে কমিউনিটি পুলিশিং সভা, মাদক-সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের ঘোষণা

হোম » পিরোজপুর » জিয়ানগরে কমিউনিটি পুলিশিং সভা, মাদক-সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের ঘোষণা
মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২৬


 

জিয়ানগরে কমিউনিটি পুলিশিং সভা, মাদক-সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের ঘোষণা

সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)

 

পিরোজপুরের জিয়ানগর উপজেলার ইন্দুরকানী থানায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় ইন্দুরকানী থানা সভাকক্ষে আয়োজিত এ সভায় অপরাধ দমনে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

ইন্দুরকানী কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান। বিশেষ অতিথি ছিলেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান। এছাড়া জিয়ানগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, জিয়ানগর সরকারি কলেজের প্রভাষক জাকারিয়া হোসেন, এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন গাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান বলেন, ‘অপরাধী যে-ই হোক, সে কোনো দলের নয়; অপরাধীর একটাই পরিচয়- সে অপরাধী।’ তিনি মাদক ও সন্ত্রাস নির্মূলে ইন্দুরকানী থানা পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

 

তিনি আরও বলেন, কিশোর গ্যাং প্রতিরোধে প্রতিটি এলাকায় পুলিশের টহল জোরদার করা হবে। সন্ধ্যা ৭টার পর বাইরে অবস্থানরত শিক্ষার্থীদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং গভীর রাতে অপ্রয়োজনে বাইরে অবস্থানকারীদেরও আইনগতভাবে যাচাই করা হবে। পাশাপাশি যেসব এলাকায় মাদক সেবন ও কেনাবেচার অভিযোগ রয়েছে, সেখানে নিয়মিত পুলিশি টহল পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

 

অতিরিক্ত পুলিশ সুপার সাধারণ মানুষকে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি জানান, এ উদ্দেশ্যে নিজের সরকারি মোবাইল নম্বর উন্মুক্ত রাখা হয়েছে, যাতে যে কেউ গোপনে তথ্য জানাতে পারেন। জনগণের সহযোগিতা ছাড়া মাদক ও অপরাধ দমন কার্যক্রম আরও কার্যকর করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

 

সভায় বক্তারা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯:৩২:৪৫ ● ১৭ বার পঠিত