মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২৬
কাউখালীতে জমি বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
হোম » পিরোজপুর » কাউখালীতে জমি বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৮
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের কাউখালী উপজেলায় জমিজমা-সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের পশ্চিম ফলোইবুনিয়া গ্রামের বাইতুন নূর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, একই গ্রামের কালাম হাওলাদারের পরিবার ও রফেজ উদ্দিন চৌকিদারের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে ইউনিয়ন পরিষদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার সালিশের উদ্যোগ নিলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি।
মঙ্গলবার সকালে কালাম হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার, রিয়াজ হাওলাদার ও মহারাজ হাওলাদারের সঙ্গে রফেজ উদ্দিন চৌকিদারের ছেলে মোশাররফ চৌকিদার, শহিদুল চৌকিদার এবং মোশাররফ চৌকিদারের ছেলে শাহীন চৌকিদারের কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় ধারালো অস্ত্র ব্যবহারে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
মিরাজ হাওলাদার বলেন, ‘আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’
অপর পক্ষের শাহীন চৌকিদার বলেন, ‘আমরাও হামলার শিকার হয়েছি। আমাদের পরিবারের সদস্যরাও আহত হয়েছেন।’
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬:৪১:৫৮ ● ৩১ বার পঠিত
