মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২৬
বরগুনার সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু আর নেই
হোম » শোক-মৃত্যুবার্ষিকী » বরগুনার সাবেক এমপি গোলাম সরোয়ার হিরু আর নেই
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু আর নেই। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভোগার পর রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৭ জুলাই) রাত দেড়টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী ও কালমেঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেগম নুর আফরোজ হেপী।
পারিবারিক সূত্র জানায়, শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গোলাম সরোয়ার হিরু ১৯৪৯ সালের ৩০ আগস্ট বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি তিনি কালমেঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময়ে ইসলামী ঐক্যজোট, বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ২০১৩ সালের বরগুনা-২ আসনের উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় স্থান অর্জন করেন। পরে ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হওয়ার ঘোষণাও রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেয়।
গোলাম সরোয়ার হিরুর চাচাতো ভাই গোলাম সবুর টুলু বরগুনা-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। তিনি ২০১৩ সালের ২৬ জুলাই ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত হন।
গোলাম সরোয়ার হিরুর মৃত্যুতে বরগুনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মো. অলিউল্লাহ শোক প্রকাশ করে বলেন, ‘তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। দেশ একজন অভিজ্ঞ ও জনদরদী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। তিনি দীর্ঘদিন জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছেন, যা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক দান করেন।’
বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ মো. নুরুল ইসলাম মনি এক শোকবার্তায় বলেন, ‘মরহুম গোলাম সরোয়ার হিরু একজন জননিবেদিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমানুষের নেতা ছিলেন। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করেছেন। তাঁর অবদান জনগণ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের এই শোক সইবার শক্তি দান করেন।’
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার তাঁর মরদেহ বরগুনার পাথরঘাটা উপজেলার নিজ গ্রামে নেওয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
বাংলাদেশ সময়: ১৬:০১:৩৯ ● ২১ বার পঠিত
