মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রীর হাতে গৌরনদীতে বৃক্ষমেলার উদ্বোধন, বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ
হোম » বরিশাল » তথ্য ও সম্প্রচারমন্ত্রীর হাতে গৌরনদীতে বৃক্ষমেলার উদ্বোধন, বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের অংশগ্রহণে বৃক্ষমেলার উদ্বোধন, বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণসহ দিনব্যাপী তিনটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে প্রথমে গৌরনদী উপজেলা কৃষক দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত কুতুবপুর স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আবুল কালাম হাওলাদার। এ সময় খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
পরে বেলা ১১টায় গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’-এর উদ্বোধন করেন মন্ত্রী। আগামী ৩০ জুলাই পর্যন্ত মেলা চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, ‘সবুজ বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ করে তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদেরও পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
উদ্বোধনের পর তিনি গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন বন সংরক্ষক (কোস্টাল সার্কেল, বরিশাল) ড. মোল্যা রেজাউল করিম।
দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-২০২৬-এর অর্থায়নে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও বৃক্ষের চারা বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি’ কর্মসূচিতে জেলা পর্যায়ে অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের ক্রেস্টও প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বৃক্ষরোপণের বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে প্রযুক্তি শিক্ষার পাশাপাশি মাঠমুখী হতে হবে। নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক, আর বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়াচর্চা ও সহশিক্ষা কার্যক্রম জোরদারের মাধ্যমে দক্ষ, সুস্থ ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলা সম্ভব।’
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রী ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা তুলে দেওয়া হয়।
দিনব্যাপী আয়োজিত কর্মসূচিগুলোতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাস এবং বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম।
এ ছাড়া উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল খান, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক আহ্বায়ক আলহাজ আবুল হোসেন মিয়া, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান, সাংবাদিক সোলায়মান তুহিন, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলি উল্লাহ, মহিলা দলের নেত্রী তানিয়া মাহমুদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রুবেল গমস্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
আয়োজকরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে সবুজায়ন বৃদ্ধি, শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি এবং ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব ও সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করাই এ ধারাবাহিক কর্মসূচির মূল লক্ষ্য।
বাংলাদেশ সময়: ১৫:৫২:২৯ ● ২০ বার পঠিত
