সোমবার ● ২৭ জুলাই ২০২৬
৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
হোম » সর্বশেষ » ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল![]()
সাগরকন্যা নিজস্ব প্রতিবেদক
লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে তিনটি শর্তে বড় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালকে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দাখিল করা আপিল ও অধিকতর বিবরণীর পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটিকে সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শনের পর দাখিল করা প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে।
হাসপাতালটি পুনরায় চালুর ক্ষেত্রে তিনটি শর্ত দেওয়া হয়েছে। শর্তগুলো হলো-
১. দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২-এর নির্দেশনা প্রতিপালন অব্যাহত রাখতে হবে।
২. লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে।
৩. লাইসেন্সের শর্তাবলি প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যেকোনো সময় আইনানুগ ব্যবস্থা নিতে পারবে।
বাংলাদেশ সময়: ১৮:০৬:১১ ● ১৫ বার পঠিত
