সোমবার ● ২৭ জুলাই ২০২৬

কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

হোম » খুলনা » কয়রায় মিথ্যা অভিযোগে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
সোমবার ● ২৭ জুলাই ২০২৬


-

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

খুলনায় মৎস্য ঘের দখল, বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে সংবাদ সম্মেলন করেছেন কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. কোহিনূর আলম সানা।

 

সোমবার (২৭ জুলাই) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য দেন তিনি। কোহিনূর আলম সানা বাগালী গ্রামের মৃত জায়েদ আলী সানার ছেলে।

 

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৬ জুলাই একই গ্রামের রশিদ সানা সংবাদ সম্মেলন করে জহুরুল শিকারী, কোহিনূর সানা, বাপ্পি ওরফে শুভ, আলিফ, রবিউলসহ কয়েকজনের বিরুদ্ধে জমিজমা ও মৎস্য ঘের জোরপূর্বক দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, বসতবাড়িতে হামলা-ভাঙচুর, মৎস্য ঘেরে ক্ষতিসাধন এবং মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ করেন। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেন তিনি।

 

কোহিনূর আলম সানার দাবি, প্রকৃতপক্ষে রশিদ সানা ও তাঁর ভাই খলিল এলাকায় প্রভাব বিস্তার করে জমি ও মৎস্য ঘের দখলসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাঁদের কর্মকাণ্ডের প্রতিবাদ করায় এলাকার নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সম্প্রতি মিথ্যা ঘটনা সাজিয়ে মামলা করার পাঁয়তারা চলছে বলেও দাবি করেন সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা।

 

সংবাদ সম্মেলনে মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রকৃত ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়। এতে এলাকার অর্ধশতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন।

 

এ বিষয়ে রশিদ সানার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, অভিযোগগুলো সত্য না মিথ্যা, তা যাচাই করে দেখতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি।

বাংলাদেশ সময়: ১৬:১৭:৪৮ ● ২১ বার পঠিত