শনিবার ● ২৫ জুলাই ২০২৬

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম দেখে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ

হোম » খুলনা » মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম দেখে স্বাস্থ্যমন্ত্রীর ক্ষোভ
শনিবার ● ২৫ জুলাই ২০২৬


-

 

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

 

শনিবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে সড়কপথে হাসপাতালটিতে পৌঁছে তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী ও স্বজনদের কাছে চিকিৎসাসেবার খোঁজখবর নেন। এ সময় একটি পরিত্যক্ত ভবনে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কয়েক লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং অব্যবহৃত একটি টয়লেটে স্যালাইন, সিরিঞ্জসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম পড়ে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

 

পরিদর্শনকালে হাসপাতালের পাশেই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন মুফতির মালিকানাধীন একটি ব্যক্তিগত ক্লিনিক থাকার বিষয়টি উঠে আসে। এর প্রাথমিক সত্যতা পেয়ে ওই কর্মকর্তাকে ভর্ৎসনা করেন মন্ত্রী। এছাড়া চিকিৎসকদের বায়োমেট্রিক হাজিরা যাচাই করে কয়েকজনের নিয়মিত দেরিতে কর্মস্থলে আসার বিষয়টিও তাঁর নজরে আসে।

 

এ সময় বাগেরহাটের সিভিল সার্জন ডা. মাহবুবুল আলমকে ফোন করা হলে তিনি ছুটিতে থাকার কথা জানান। কার অনুমতিতে ছুটি নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের মৌখিক অনুমতির কথা বলেন। পরে বিভাগীয় পরিচালক শেখ মো. মোশাররফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সিভিল সার্জনের ছুটির বিষয়ে কিছু জানেন না বলে জানান। এরপর মন্ত্রী বিভাগীয় পরিচালককে মোরেলগঞ্জ হাসপাতাল পরিদর্শন করে অনিয়মের দায় নির্ধারণের নির্দেশ দেন।

 

সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, সীমিত সামর্থ্যের মধ্যেও দরিদ্র মানুষের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। ৫০ শয্যার হাসপাতালটি ১০১ শয্যায় উন্নীত করতে খুব শিগগিরই দরপত্র আহ্বান করা হবে। যেখানেই অনিয়ম পাওয়া যাচ্ছে, সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঢাকায় ফিরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং দ্রুত হাসপাতালের চিকিৎসাসেবায় দৃশ্যমান পরিবর্তন আসবে।

 

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।

 

মোরেলগঞ্জ পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে সার্বিক চিকিৎসাসেবায় সন্তোষ প্রকাশের পাশাপাশি চিকিৎসক ও জনবল সংকট দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

বাংলাদেশ সময়: ২২:২৯:৩১ ● ১৬ বার পঠিত