শনিবার ● ২৫ জুলাই ২০২৬
সমাজ গঠনে ইমামদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: ছারছীনার পীর
হোম » ইসলামী জীবন » সমাজ গঠনে ইমামদের অগ্রণী ভূমিকা রাখতে হবে: ছারছীনার পীর
সাগরকন্যা নিজস্ব প্রতিবেদক,
ঐক্য, আদর্শ ও নৈতিক নেতৃত্বের মাধ্যমে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও আদর্শ সমাজ গঠনে ইমামদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর বনানী খানকায়ে ছালেহিয়ায় বাংলাদেশ আইম্মায়ে হিযবুল্লাহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ছারছীনার পীর ছাহেব বলেন, দেশের মসজিদের ইমামরা শুধু নামাজের ইমাম নন; তারা সমাজের নৈতিক, ধর্মীয় ও মানবিক নেতৃত্বের অন্যতম ধারক। কুরআন-সুন্নাহর আলোকে সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইমামদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বাংলাদেশ আইম্মায়ে হিযবুল্লাহ দেশের ইমামদের একটি ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্বশীল নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংগঠনের সদস্যদের সততা, আমানতদারিতা, তাকওয়া ও দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে।
সমাজে নৈতিক অবক্ষয়, পারিবারিক অস্থিরতা, মাদক, দুর্নীতি ও নানা সংকট মোকাবিলায় মসজিদভিত্তিক জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ইমামরা খুতবা, ওয়াজ-নসিহত ও দৈনন্দিন কার্যক্রমের মাধ্যমে ইসলামের সৌন্দর্য, সহনশীলতা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ মানুষের সামনে তুলে ধরলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।
নবনির্বাচিত ও শপথগ্রহণকারী নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, শপথ যেন শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থাকে; বরং তা দায়িত্বশীলতা, জবাবদিহিতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বাস্তব অঙ্গীকারে পরিণত হতে হবে। সংগঠনের প্রতিটি সিদ্ধান্ত ইসলামী মূল্যবোধ, দেশের আইন ও জাতীয় স্বার্থের প্রতি শ্রদ্ধাশীল থেকে গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, নায়েবে আমীর ও দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক মাওলানা কবি রূহুল আমিন খাঁন, বাংলাদেশ আইম্মায়ে হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আ’লা ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী, অতিরিক্ত নাজেমে আ’লা মাওলানা মোঃ আলী আকবর, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭:৪৮:২২ ● ৩৯ বার পঠিত
