শনিবার ● ২৫ জুলাই ২০২৬

বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত

হোম » খুলনা » বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত
শনিবার ● ২৫ জুলাই ২০২৬


-

 

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে। তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নিয়মিত সদস্য ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজ শেষে গভীর রাতে নিজ বাড়িতে ফিরছিলেন অ্যাডভোকেট নিজাম উদ্দিন। পথে হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছালে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তার পথরোধ করে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

 

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে এবং স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৩:৫৭:৩৮ ● ২৩ বার পঠিত