শনিবার ● ২৫ জুলাই ২০২৬

কুয়াকাটায় ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ

হোম » গণমাধ্যম » কুয়াকাটায় ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ
শনিবার ● ২৫ জুলাই ২০২৬


 

কুয়াকাটায় ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি কে এম বাচ্চুকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার রাত ১১টার দিকে কুয়াকাটা সৈকত হোটেলের সামনে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিককে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়।

 

আহত কে এম বাচ্চু দৈনিক দেশ রূপান্তরের কুয়াকাটা প্রতিনিধি। পাশাপাশি তিনি কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রাত ১১টার দিকে হোটেল সৈকতের সামনে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন বাচ্চু। এ সময় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে কয়েকজনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করলে কয়েকজন লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হয়ে একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

 

ঘটনাস্থলে থাকা অটোরিকশাচালক জামাল মোল্লা বলেন, ‘আমি গাড়ি নিয়ে সৈকতের সামনে আসার সময় দেখি কয়েকজন বাচ্চুকে জিজ্ঞাসা করছে, আমার নিউজ করছো কেন। বাচ্চু সরে যেতে চাইলে সবাই মিলে হঠাৎ তাকে মারধর করে ফেলে রেখে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।’

 

এ ঘটনায় পৌর ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের আহমেদ রিয়াজ বলেন, ‘ঘটনাটি আমি মাত্র জেনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ছাত্রদলের কেউ জড়িত থাকলে তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

 

কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মো. ফারুক বলেন, ‘আমাদের কুয়াকাটায় শান্তিপূর্ণ রাজনীতির চর্চা হয়। এই শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ যারা নষ্ট করার চেষ্টা করছে, তারা যুবদলের রাজনীতি করলেও তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

 

অভিযুক্ত হিসেবে হারুন মুসল্লী, পৌর যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক; বাইজিদ, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি; শহিদ সিকদার, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি এবং শহিদ সিকদার ওরফে পচা, পৌর যুবদলের সহসাধারণ সম্পাদকসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তবে তাদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।

 

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, ‘হামলার কথা শোনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ১০:০৪:২৯ ● ২৬ বার পঠিত