শুক্রবার ● ২৪ জুলাই ২০২৬
পটুয়াখালীতে একশটির বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে আইপিএসসি বিজ্ঞান উৎসব শুরু
হোম » প্রযুক্তি » পটুয়াখালীতে একশটির বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে আইপিএসসি বিজ্ঞান উৎসব শুরু
![]()
কাজল বরণ দাস, পটুয়াখালী থেকে
বিজ্ঞানভিত্তিক শিক্ষা, উদ্ভাবনী চিন্তার বিকাশ ও সৃজনশীল প্রতিভা অন্বেষণের লক্ষ্য নিয়ে পটুয়াখালীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব-২০২৬। শিক্ষার্থীদের একশটির বেশি বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী প্রকল্প, গবেষণাধর্মী উপস্থাপনা ও সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবটি জ্ঞান, প্রযুক্তি ও সৃজনশীলতার মিলনমেলায় পরিণত হয়েছে।
২৩ ও ২৪ জুলাই পটুয়াখালী জেলা জিমনেসিয়াম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় উৎসবের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান। এতে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তারেক হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তারিকুল ইসলাম সজীব ও অধ্যাপক ড. শেখ আব্দুল্লাহ আল মামুন।
উদ্বোধনী পর্ব শেষে অতিথিরা শিক্ষার্থীদের উপস্থাপিত একশটির বেশি বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন। তারা বিভিন্ন প্রকল্পের কার্যকারিতা, বাস্তব প্রয়োগ ও উদ্ভাবনী দিক সম্পর্কে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রকল্পগুলোর মধ্যে কৃষি, পরিবেশ, নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, রোবটিক্স, দুর্যোগ ব্যবস্থাপনা ও দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানভিত্তিক নানা উদ্ভাবন দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, এ ধরনের আয়োজন পাঠ্যবইয়ের জ্ঞানকে বাস্তবে প্রয়োগের সুযোগ করে দেয়। একই সঙ্গে এটি নতুন কিছু ভাবতে এবং গবেষণামুখী হতে উৎসাহিত করে।
আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতেই এ আয়োজন করা হয়েছে।
দুই দিনব্যাপী উৎসবে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী প্রদর্শনী, গবেষণাধর্মী উপস্থাপনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সরকারি কর্মকর্তা ও বিপুলসংখ্যক দর্শনার্থীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বাংলাদেশ সময়: ২০:১০:০১ ● ১৪ বার পঠিত
