বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২৬

যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ, হাসপাতালে ভর্তি

হোম » বরিশাল » যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে জখমের অভিযোগ, হাসপাতালে ভর্তি
বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২৬


 

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে দুই সন্তানের জননী মারিয়া আক্তার (২৭)কে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। আহত অবস্থায় ওই গৃহবধূকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

মারিয়া আক্তারের স্বজনদের অভিযোগ, প্রায় ১৪ বছর আগে উপজেলার বিল্বগ্রাম এলাকার মৃত শহিদ তালুকদারের ছেলে হাসান তালুকদারের (৩৮) সঙ্গে পিঙ্গলাকাঠি গ্রামের মাওলানা আ. লতিফ খন্দকারের মেয়ে মারিয়ার বিয়ে হয়। বিয়ের সময় কনের পরিবার বরপক্ষকে চার ভরি স্বর্ণালংকারসহ ১২ লাখ টাকার বেশি যৌতুক দেয়।

 

মারিয়ার অভিযোগ, বিয়ের পর তাদের দুই সন্তান- হাসনা বেগম (৯) ও মোস্তাকিন তালুকদারের (৫) জন্ম হয়। তবে বিয়ের পর থেকেই স্বামী হাসান তালুকদার প্রায়ই যৌতুকের জন্য তাকে নির্যাতন করতেন। এতে দেবর আসাদ তালুকদার (৩৫) ও জা ফাতেমা বেগমের (২৫) সহায়তা ছিল বলেও অভিযোগ করেন তিনি।

 

মারিয়া বলেন, ঢাকায় ব্যবসা করার কথা বলে স্বামী একপর্যায়ে তার কাছে তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। পরে বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা এনে স্বামীকে দেন তিনি। এরপরও যৌতুকের দাবিতে তাকে বিভিন্ন সময় মারধর করা হতো। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি দীর্ঘদিন এসব নির্যাতন সহ্য করে সংসার করে আসছিলেন।

 

অভিযোগে মারিয়া আরও বলেন, তার স্বামী পরে মনি আক্তারকে প্রেম করে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে প্রশ্ন করায় তার ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। দ্বিতীয় বিয়ের পর হাসান গৌরনদী পৌর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন এবং স্ত্রী ও সন্তানদের কোনো ভরণপোষণ দেন না।

 

গত ১৫ জুলাই দুপুর দেড়টার দিকে হাসান তালুকদার ও তার দ্বিতীয় স্ত্রী মনি আক্তার মারিয়ার বাড়িতে গিয়ে আবারও দুই লাখ টাকা যৌতুক দাবি করেন বলে অভিযোগ করেন মারিয়া। এতে তিনি অস্বীকৃতি জানালে হাসান তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করলে হাসান, আসাদ, ফাতেমা ও মনি তাকে লাঠি দিয়ে মারধর করেন। এতে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয় বলে জানান মারিয়া।

 

তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে হাসান তাকে হত্যার হুমকি দেন বলেও অভিযোগ করেন তিনি। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে ওই দিন বিকেলে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

মারিয়া জানান, হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার মা হাসিনা বেগম (৬০) বাদী হয়ে স্বামীসহ শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে গৌরনদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 

এ বিষয়ে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ‘এ সম্পর্কে আমি এখনও কিছু জানি না। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

এদিকে, অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭:০২:০১ ● ২৭ বার পঠিত