বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২৬
তালতলীতে দখল-দূষণে অস্তিত্ব সংকটে আমখোলা খাল, বিপাকে হাজারো কৃষক
হোম » বরগুনা » তালতলীতে দখল-দূষণে অস্তিত্ব সংকটে আমখোলা খাল, বিপাকে হাজারো কৃষক

সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)
বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের আমখোলা খাল দখল, দূষণ ও ভরাটে অস্তিত্ব সংকটে পড়েছে। প্রায় ২ কিলোমিটার দীর্ঘ খালটির স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে তলিয়ে যাচ্ছে ফসলি জমি ও ধানের বীজতলা, বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সোনাকাটা ইউনিয়নের কবিরপাড়া এলাকায় অবস্থিত খালটি একসময় আশপাশের কৃষিজমিতে সেচ ও বর্ষাকালে পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম ছিল। তবে দখলদারদের অপরিকল্পিত বাঁধ নির্মাণ, অবৈধ জাল দিয়ে মাছ শিকার, পলি জমা ও কচুরিপানায় খালটি ক্রমেই ভরাট হয়ে সরু নালায় পরিণত হয়েছে। এতে পানি নিষ্কাশন ব্যাহত হয়ে সামান্য বৃষ্টিতেই কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
স্থানীয় কৃষক রাজিব হাওলাদার, ফরিদ হাওলাদার, উপজাতি খেনচি মং ও চিনতেন রাখাইনসহ কয়েকজন সাগরকন্যার এ প্রতিবেদককে বলেন, একসময় খালের পানি দিয়ে জমিতে সেচ দেওয়া যেত এবং বর্ষাকালে অতিরিক্ত পানি সহজেই নেমে যেত। এখন বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে খাল আটকে মাছ শিকার করা হচ্ছে। পলি ও কচুরিপানায় খাল ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই বীজতলা তলিয়ে যায় এবং ফসল নষ্ট হয়। এতে বছরের পর বছর লোকসান গুনতে হচ্ছে কৃষকদের।
তাদের অভিযোগ, খালটি দখলমুক্ত করার দাবি জানালে প্রভাবশালীদের পক্ষ থেকে অপপ্রচার ও মামলা দিয়ে হয়রানির হুমকি দেওয়া হচ্ছে। তবুও তারা দ্রুত খালটি দখলমুক্ত করে পুনঃখননের দাবি জানিয়েছেন।
কৃষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সোনাকাটা ইউনিয়ন যুবদলের সদস্যসচিব সোহাগ খান বলেন, একটি প্রবহমান খাল দখল করে হাজারো কৃষকের জীবন-জীবিকা হুমকির মুখে ফেলা অত্যন্ত নিন্দনীয়। তিনি কৃষকদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা পরিষদের প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ জাল অপসারণ করা হলেও দখলদাররা আবারও জাল ফেলেছেন বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘অবৈধ দখলদারদের হাত থেকে খালটি দ্রুত উদ্ধার করা হবে। স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনতে শিগগিরই পুনঃখননের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশ সময়: ১৬:২৩:৪৮ ● ২১ বার পঠিত
