মঙ্গলবার ● ২১ জুলাই ২০২৬

নলছিটিতে গৃহবধূ শিরিন হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

হোম » ঝালকাঠী » নলছিটিতে গৃহবধূ শিরিন হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মঙ্গলবার ● ২১ জুলাই ২০২৬


নলছিটিতে গৃহবধূ শিরিন হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

ঝালকাঠির নলছিটিতে গৃহবধূ শিরিন আক্তারের মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তাঁর পরিবারের সদস্য ও এলাকাবাসী।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টায় নলছিটি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিজয় উল্লাস চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নিহত শিরিন আক্তারের বাবা মো. শাহ আলম মোল্লা, বড় ভাই জাহিদ মোল্লাসহ পরিবারের সদস্য ও স্থানীয়রা অংশ নেন।

মানববন্ধনে শিরিন আক্তারের বাবা মো. শাহ আলম মোল্লা অভিযোগ করে বলেন, তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাঁর জামাতা এনামুল হক শাহিন, শাহিনের বড় বোন ও নানীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করলেও অন্য আসামিদের গ্রেপ্তারে গড়িমসি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে সুষ্ঠু বিচারের দাবি জানান শাহ আলম মোল্লা।

শিরিন আক্তারের বড় ভাই জাহিদ মোল্লা বলেন, ঘটনার দিন খবর পেয়ে তাঁরা গিয়ে জানতে পারেন, শিরিনের মরদেহ মর্গে নেওয়া হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে তাঁদের সন্দেহ হয়। স্থানীয়রা তাঁদের জানিয়েছেন, তাঁরা শিরিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাননি। জাহিদ মোল্লার অভিযোগ, তাঁর বোনকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে। এর আগেও যৌতুকের দাবিতে শিরিনকে তাঁর ননদ ও নানী-শাশুড়ি মারধর করেছেন বলে অভিযোগ করেন তিনি।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ৭ জুলাই আনুমানিক রাত ৪টার দিকে বরিশাল নগরের চানমারী মাদ্রাসা গলি এলাকার শ্বশুরবাড়ি থেকে শিরিন আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় গিয়ে শিরিনের স্বামী এনামুল হক শাহিন, তাঁর নানী ও বড় বোনকে আসামি করে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজিব হোসেন জানান, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার আসামি শিরিনের স্বামী এনামুল হক শাহিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


এসই/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৫৮:১৭ ● ৩২ বার পঠিত