
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সরকারি সেবার মানোন্নয়ন, সরকারি দপ্তরের ডিজিটাল রূপান্তর, অবৈধভাবে দখল হওয়া সরকারি জমি উদ্ধার এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে গ্রাম আদালতের মামলার জট কমানো, সময়মতো জন্ম-মৃত্যু নিবন্ধন সম্পন্ন এবং সরকারি দপ্তরে ই-নথির ব্যবহার শতভাগ নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে।
রবিবার (১৯ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। সভায় জেলার উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা এবং প্রশাসনিক জটিলতা নিরসনে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, সহকারী পুলিশ সুপার রুহুল আমীন, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. নুরুল আমীন, জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ুন হাসান শাহীন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মাস্টার, বন বিভাগের কর্মকর্তা মো. জাহিদুর রহমান, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান এবং রেডিও লোকবেতারের পরিচালক মনির হোসেন কামালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও গণমাধ্যমকর্মীরা।
সভায় কৃষি উৎপাদন বৃদ্ধি, সরকারি দপ্তরের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়। বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও রাজনৈতিক নেতারা মাঠপর্যায়ের নানা সমস্যা তুলে ধরে জনদুর্ভোগ নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। বিশেষভাবে অবৈধভাবে দখল হওয়া সরকারি জমি উদ্ধারের বিষয়টি গুরুত্ব পায়।
জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, সব সরকারি দপ্তরের ওয়েবসাইট শতভাগ হালনাগাদ রাখতে হবে এবং ই-নথির ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি জানান, সরকারি জমি উদ্ধারে জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে এবং নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে মাঠপর্যায়ের সব দপ্তরের কর্মদক্ষতা মূল্যায়ন করা হবে।
তিনি আরও বলেন, সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়িত হলে জেলার সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। ডিজিটাল সেবার সম্প্রসারণ, সরকারি ভূমি দখলমুক্তকরণ এবং দপ্তরগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের সেবাপ্রাপ্তি সহজ হবে এবং প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে।