
সাগরকন্যা প্রতিবেদক
উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়ার কারণে জেলে, ট্রলার ও নৌযান মালিকদের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সমুদ্রে না যাওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে বর্তমানে সমুদ্রে থাকা সব ট্রলার ও মাছ ধরার নৌযানকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে বলা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে। এ অবস্থায় ট্রলার, মাছ ধরার নৌকা এবং অন্যান্য নৌযানের সমুদ্রে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এ পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কোনো ট্রলার বা নৌযানকে মাছ ধরা কিংবা অন্য কোনো উদ্দেশ্যে সমুদ্রে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত সব ট্রলার, মাছ ধরার নৌকা ও অন্যান্য নৌযানকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। নৌযান ও ট্রলারের মালিকদেরও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, দেশের সমুদ্র ও উপকূলীয় অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিত করা, দুর্যোগ মোকাবিলা এবং উদ্ধার কার্যক্রম পরিচালনায় বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে। দক্ষিণ জোন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
যেকোনো জরুরি প্রয়োজনে বা সমুদ্রে দুর্ঘটনার তথ্য জানাতে বাংলাদেশ কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।