তাবিজের প্রলোভনে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

হোম » পটুয়াখালী » তাবিজের প্রলোভনে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার
শনিবার ● ১৮ জুলাই ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

 

পটুয়াখালীর মির্জাগঞ্জে তাবিজ দেওয়ার কথা বলে এক নারীকে বাড়িতে ডেকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াতের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর চৈতা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

গ্রেপ্তার ব্যক্তি মোস্তাফিজুর রহমান মাহাবুব। তিনি মাধবখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি এবং উত্তর চৈতা গ্রামের মৃত জয়নাল মৌলভীর ছেলে। স্থানীয়ভাবে তিনি পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ভুক্তভোগী নারীর সঙ্গে মোস্তাফিজুর রহমানের পরিচয় হয়। পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে ওই নারী নিয়মিত তার কাছ থেকে তাবিজ নিতেন। অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার সকালে মোস্তাফিজুর রহমান তার স্ত্রী ও সন্তানদের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন। পরে সন্ধ্যায় ওই নারীকে নিজ বাড়িতে ডেকে নেন। প্রায় দুই ঘণ্টা তারা ঘরের ভেতরে অবস্থান করলে স্থানীয়দের সন্দেহ হয়। একপর্যায়ে স্থানীয়রা ঘরের একটি কক্ষে তাদের দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

 

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, ভুক্তভোগী নারীর দায়ের করা মামলায় মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে, ওসি তার রাজনৈতিক পরিচয় সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

 

এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সিরাজুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টি তার জানা নেই। তবে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১:২৯:৫৬ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ