
সাগরকন্যা নিজস্ব প্রতিবেদক
অনলাইনভিত্তিক সাহিত্য সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটি-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও লিটারেচার সম্মাননা-২০২৬ নুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
কবি ও পুষ্টিবিদ ডা. আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি)-এর মহাপরিচালক মো. আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কবি ও গবেষক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক মোসলেহ উদ্দিন, কবি, সংগঠক ও সাংবাদিক মো. বেল্লাল হাওলাদার, কবি ও সংগঠক ফারুক মোহাম্মদ জাহাঙ্গীর, কবি ও সংগঠক মো. আমির হোসেন, কবি ও সংগঠক জহিরুল হক বিদ্যুৎ, কবি ও গবেষক বেলায়েত হোসেনসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি, লেখক, সাহিত্য সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
অনুষ্ঠানে সাহিত্য ও মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দুটি সাহিত্য সংগঠনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এছাড়া তাৎক্ষণিক কবিতা রচনা প্রতিযোগিতার বিজয়ী তিনজন কবিকে সম্মাননা এবং কুইজ প্রতিযোগিতার বিজয়ী তিনজনকে পুরস্কৃত করা হয়। একইসঙ্গে লিটারেচার সাহিত্য সম্মাননা, মানবিক ব্যক্তিত্ব সম্মাননা ও সব্যসাচী লেখক সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে জীবন নদীর বাঁকে এবং আগুনের শহর শীর্ষক দুটি নতুন গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
বক্তারা বলেন, অনলাইনভিত্তিক সাহিত্যচর্চাকে গতিশীল ও সুসংগঠিত করতে অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের বিভিন্ন অনলাইন সাহিত্য সংগঠনকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করে সাহিত্যচর্চা, সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ এবং পারস্পরিক সম্প্রীতি বিকাশে সংগঠনটির অবদান প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক, কবি, কথাসাহিত্যিক ও সংগঠক মো. আমিনুল ইসলাম এবং সমন্বয়ক নাসরীন আক্তার নীলা।