জুলাই শহীদদের স্মরণে চরফ্যাশনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হোম » ভোলা » জুলাই শহীদদের স্মরণে চরফ্যাশনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬


 

জুলাই শহীদদের স্মরণে চরফ্যাশনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

 

ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে ভোলার চরফ্যাশনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, বৈষম্যহীন সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গকারী জুলাই শহীদদের আদর্শ অনুসরণ করেই একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়া সম্ভব।

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় চরফ্যাশন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্বজন, আহত যোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

 

সভায় সভাপতিত্ব করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতীয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, মেডিকেল অফিসার ডা. আশরাফুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়সর আহমেদ কমল।

 

এ সময় উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক ও সহকারী অধ্যাপক রেজাউল হাসান ইমরান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বাহার উদ্দিন, শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মেদ, দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, এনজিও সুশীলনের কর্মকর্তা বুলবুল আহমেদ, জুলাই আন্দোলনের আহত যোদ্ধা, সাংবাদিক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জুলাই আন্দোলনের আহত যোদ্ধারা বলেন, ‘অনেক ত্যাগ ও কষ্টের বিনিময়ে জুলাই আন্দোলন সফল হয়েছিল। কিন্তু বর্তমানে অনেক যোদ্ধা কটূক্তি ও বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন।’

 

বক্তারা বলেন, জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শহীদ ও আহতদের নিয়ে কটূক্তি, অবমাননাকর মন্তব্য বা বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তারা।

 

আলোচনায় আরও বলা হয়, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়েই জুলাই গণ-অভ্যুত্থানে শহীদরা আত্মত্যাগ করেছিলেন। গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সেই চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৪:২০:৩৪ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ