কলেজ ছাত্রদল সভাপতির বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগে সংবাদ সম্মেলন

হোম » পিরোজপুর » কলেজ ছাত্রদল সভাপতির বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগে সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬


 

কলেজ ছাত্রদল সভাপতির বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগে সংবাদ সম্মেলন

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

 

পিরোজপুরের নেছারাবাদে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আরিফুল ইসলাম মোল্লার বিরুদ্ধে ভুয়া (ফেক) ফেসবুক আইডি ব্যবহার করে শিক্ষার্থী ও নেতাকর্মীদের সঙ্গে প্রতারণামূলক যোগাযোগ এবং অনাকাঙ্ক্ষিত প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন একই সংগঠনের কয়েকজন নেতা। তবে অভিযুক্ত সভাপতি অভিযোগগুলোকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে তা অস্বীকার করেছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।

 

বুধবার রাতে নেছারাবাদ উপজেলার মাহমুদকাঠি বাজারের একটি রেন্ট-এ-কার অফিসে সংবাদ সম্মেলনের আয়োজন করেন কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক মো. ফারদিন ইসলামসহ কয়েকজন নেতা।

 

লিখিত বক্তব্যে ফারদিন ইসলাম অভিযোগ করেন, সভাপতি আরিফুল ইসলাম মোল্লা মেয়েদের নামে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করতেন। পরে তাদের অনাকাঙ্ক্ষিত যৌন প্রস্তাব দিতেন বলে দাবি করেন তিনি। এছাড়া কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে জোরপূর্বক সমকামিতার চেষ্টার অভিযোগও তোলেন এবং এ-সংক্রান্ত কিছু তথ্য-প্রমাণ তাদের কাছে রয়েছে বলে দাবি করেন। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে অভিযুক্ত সভাপতি টাকা দিয়ে মীমাংসার প্রস্তাব দেন বলেও অভিযোগ করেন তিনি।

 

সংবাদ সম্মেলনে কলেজ ছাত্রদল নেতা মো. ইশতিয়াক দাবি করেন, বিভিন্ন ভুয়া আইডির মাধ্যমে একাধিক ব্যক্তিকে একই ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত মেসেঞ্জার কথোপকথনের স্ক্রিনশট তাদের কাছে সংরক্ষিত রয়েছে বলে তিনি জানান এবং অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।

 

অপর ছাত্রনেতা মো. আরিফুল ইসলাম মুবিন অভিযোগ করেন, একটি ফেসবুক আইডি থেকে আরিফুল ইসলাম মোল্লার ছবি ব্যবহার করে তাকে অনাকাঙ্ক্ষিত যৌন প্রস্তাব দেওয়া হয়। পরে অনুসন্ধান করে ওই আইডির সঙ্গে সভাপতির সংশ্লিষ্টতা জানতে পেরেছেন বলে দাবি করেন। এ বিষয়ে জানতে চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

 

অভিযোগের বিষয়ে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আরিফুল ইসলাম মোল্লা বলেন, ‘আমার রাজনৈতিক অবস্থান ক্ষুণ্ন করতে একটি পক্ষ পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। কথিত স্ক্রিনশট ও অন্যান্য উপকরণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।’ তিনি এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

 

নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. জিয়াউল হক সজীব বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। অভিযোগের বিষয়টি খোঁজ নিয়ে সত্যতা পাওয়া গেলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

উল্লেখ্য, সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযুক্ত ব্যক্তি অভিযোগ অস্বীকার করেছেন এবং বিষয়টি নিয়ে তদন্ত বা সাংগঠনিক সিদ্ধান্তের তথ্য এখনো পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১১:৪৩:১৭ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ