পবিপ্রবিতে শিক্ষার্থীদের বাসভাড়া মওকুফ, ভিসির উদ্যোগে প্রশংসা

হোম » শিক্ষা » পবিপ্রবিতে শিক্ষার্থীদের বাসভাড়া মওকুফ, ভিসির উদ্যোগে প্রশংসা
বুধবার ● ১৫ জুলাই ২০২৬


 

সংগৃহীত ছবি

কাজল বরণ দাস, পটুয়াখালী থেকে

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের বাসে যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে করার সিদ্ধান্ত কার্যকর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহানের ঘোষণার এক মাসের মাথায় এ সিদ্ধান্ত বাস্তবায়ন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

মঙ্গলবার (১৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরিবহন কর্মকর্তা মো. আবদুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে নির্ধারিত কিছু শর্ত সাপেক্ষে শিক্ষার্থীদের বাসভাড়া মওকুফের বিষয়টি কার্যকর করা হয়।

 

এর আগে গত ১০ জুন বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান শিক্ষার্থীদের বাসভাড়া মওকুফের ঘোষণা দেন। পরবর্তীতে প্রশাসনিক আদেশ জারির মাধ্যমে সেই ঘোষণা বাস্তবায়ন করা হয়েছে।

 

সিদ্ধান্ত কার্যকর হওয়ায় শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, এত দ্রুত ঘোষণা বাস্তবায়িত হবে, তা তারা প্রত্যাশা করেননি। নিয়মিত যাতায়াতে আর্থিক চাপ কমবে এবং ক্লাসে উপস্থিতি বাড়াতে এ উদ্যোগ সহায়ক হবে বলে তাদের বিশ্বাস।

 

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ও কয়েকজন সাধারণ শিক্ষার্থী সাগরকন্যাকে বলেন, বাসভাড়া মওকুফের সিদ্ধান্তটি শিক্ষার্থীবান্ধব উদ্যোগ। উপাচার্য দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীদের কল্যাণে একাধিক পদক্ষেপ নিয়েছেন, যা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

 

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের। অনেক সময় যাতায়াত ব্যয় বহন করাও তাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই তাদের নিয়মিত যাতায়াত সহজ করতে বাসভাড়া মওকুফ করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের ব্যয় কমবে, তারা আরও নিয়মিত ক্লাসে অংশ নিতে পারবে এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।’

বাংলাদেশ সময়: ৮:৫৮:৫৩ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ