আমতলীতে ছাত্রলীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, পুলিশের অভিযান শুরু

হোম » বরগুনা » আমতলীতে ছাত্রলীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, পুলিশের অভিযান শুরু
শনিবার ● ১১ জুলাই ২০২৬


আমতলীতে ছাত্রলীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, পুলিশের অভিযান শুরু

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলীতে ছাত্রলীগের ব্যানারে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে আমতলী-কুয়াকাটা মহাসড়কের ফায়ার সার্ভিস এলাকায় অনুষ্ঠিত এ মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে স্থানীয় সূত্রের দাবি। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান শুরু করেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে বিক্ষোভ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর রাতভর সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।

অভিযোগ রয়েছে, আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মতিন খাঁনের নেতৃত্বে আয়োজিত মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তের সুযোগ এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়। মিছিলে অংশগ্রহণকারীদের অনেককে হলুদ ক্যাপ ও মুখে মাস্ক পরা অবস্থায় দেখা যায়।

আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মতিন খাঁন বলেন, বিনা বাধায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে দেশে ফিরতে দিতে হবে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করেছি। দাবি আদায় না হলে পর্যায়ক্রমে আন্দোলন বেগবান করা হবে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও দেখে সম্ভাব্য এলাকায় অভিযান চালানো হয়েছে। আমরা সজাগ রয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৮:২৮:০৭ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ